২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদল কখনওই জিম্বাবুয়ে শাসন করবে না: মুগাবে

বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) কে কখনোই ক্ষমতায় যেতে দেবেন না বলে অঙ্গীকার করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। শনিবার তিনি জানিয়েছেন, এমডিসিকে ক্ষমতার বাইরে রাখতে তিনি লড়ে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

হারারে, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) কে কখনোই ক্ষমতায় যেতে দেবেন না বলে অঙ্গীকার করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। শনিবার তিনি জানিয়েছেন, এমডিসিকে ক্ষমতার বাইরে রাখতে তিনি লড়ে যাবেন। সাবেক এক জেনারেলের শেষকৃত্যানুষ্ঠানে মুগাবে বলেন, "এমডিসি'র নাম গন্ধ আমরা কখনোই মেনে নেব না। বিদেশি শক্তির এই পুতুলেরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না। আপনারাও দেখবেন এমনটা কখনোই ঘটবে না।" তিনি আরও বলেন, "তাদের ক্ষমতা থেকে বাইরে রাখতে আমরা লড়ে যাব। যদি আমরা হেরে যাই সেটা হবে আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশদের কাছে পরাজয়ের মতো।" আগামী ২৭ জুন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাইয়ের মুখোমুখি হবেন রবার্ট মুগাবে। এর আগে গত ২৯ মার্চের বিতর্কিত নির্বাচনে বিজয়ী হন স্যাঙ্গেরাই। তবে তিনি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এদিকে, মর্গান স্যাঙ্গেরাইসহ এমডিসির ১২ নেতাকর্র্মীকে শনিবার সকালে তিনি ঘণ্টার জন্য আটকে রাখে পুলিশ। এ নিয়ে চলতি সপ্তাহে স্যাঙ্গেরাইকে কয়েক দফায় আটক করা হল। মানবাধিকার সংগঠনগুলোসহ বিরোধী নেতা স্যাঙ্গেরাই অভিযোগ করেছেন, দ্বিতীয় দফা নির্বাচনে জিততে মুগাবে সরকার বিরোধী নেতাকর্মীসহ জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। স্যাঙ্গেরাই জানিয়েছেন, বিতর্কিত প্রথম দফা নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতায় তাদের কমপক্ষে ৬৫ কর্মী-সমর্থক নিহত হয়েছে। অধিকাংশ হামলা মুগাবের জানু-পিএফ পার্টির লোকজন করেছে বলে দাবি এমডিসির। এর আগে গত বৃহস্পতিবার এক রাজনৈতিক সমাবেশে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে জানান, আগামী ২৭ জুনের নির্বাচনে বিরোধীদের বিজয় ঠেকাতে প্রস্তুত মুক্তিযোদ্ধারা। তিনি বলেছেন, প্রয়োজনে মুক্তিযোদ্ধারা হাতে অস্ত্র তুলে নেবে। মুগাবে বলেন, "আমরা এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। দেশের শাসন ক্ষমতা কখনোই এমডিসির হাতে যাবে না। তারা দেশটাকে সাবেক শেতাঙ্গ শাসকদের হাতে তুলে দেবে। এটা কখনোই হতে পারে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১০ ঘ.