কাঠমান্ডু, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের রাজাকে হিটলারের উপহার দেওয়া একটি মূল্যবান গাড়ি অবশেষে জাদুঘরে স্থান পাচ্ছে। রাজা জ্ঞানেন্দ্রর দাদা রাজা ত্রিভুবনকে ১৯৩৯ সালে ওই মার্সিডিজ বেনজ্ গাড়িটি উপহার দিয়েছিলেন জার্মানির নাৎসী নেতা এডলফ হিটলার।
কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি গত কয়েক বছর ধরেই রাজপ্রাসাদে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এখন গাড়িটিকে প্রস্তাবিত নারায়ণহিতি প্রাসাদ জাদুঘরের দর্শণীয় বস্তুর তালিকায় স্থান দেওয়ার
চিন্তা করা হচ্ছে।
১৯৪০ সালে হিটলারের উপহার দেওয়া গাড়িটি যখন ভারত হয়ে নেপালে নিয়ে যাওয়া হয় তখন নেপালের রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার জন্য কোনো পাকা রাস্তা ছিল না। শ' শ' শ্রমিক পাহাড়ি পথ বেয়ে বহু কষ্টে গাড়িটিকে সেখানে নিয়ে যায়।
১৯৫০ সালে কাঠমান্ডু শহরের একমাত্র মোটরচালিত গাড়ি ছিল রাজা ত্রিভুবনের ব্যবহৃত ওই গাড়িটি। রাজা ত্রিভুবনের মৃত্যুর পর গাড়িটি কাঠমান্ডুর থাপাথালি ইঞ্জিনিয়ারিং কলেজকে দিয়ে দেওয়া হয়।
নেপালে ২৩৯ বছরের রাজতন্ত্রের অবসানের পর রাজা জ্ঞানেন্দ্র নারায়ণহিতি প্রাসাদ ছেড়ে যাওয়ার পর ওই প্রাসাদটিকে জাদুঘর বানানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
নারায়ণহিতি প্রাসাদ জাদুঘরের জন্য নেপাল রাজবংশের সম্পদের তালিকা প্রস্তুতকাজে নিয়োজিত উর্ধ্বতন কর্মকর্তা গোবিন্দ প্রসাদ কুসুম বলেন, "আমরা এটা জাদুঘরে প্রদর্শনের জন্য রাখবো। আমরা আশা করছি এটা অন্যতম একটি দর্শণীয় বস্তু হিসেবে দর্শকদের আকৃষ্ট করবে।"
কর্মকর্তারা আরও জানিয়েছেন, গত তিন বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকার আগে গাড়িটি কাঠমান্ডুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে গাড়ি মেকানিকদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো। খুচরা যন্ত্রাংশের অভাব এবং এর পেছেনে বাড়তি অর্থ ব্যয়ের সামর্থ্য না থাকার কারণে প্রতিষ্ঠানটি গাড়িটিকে রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫২ ঘ.
bdnews24