প্যারিস, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এখনই ইরাক থেকে সেনা ফিরিয়ে আনার দিনক্ষণ ঠিক করে না ফেলতে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইউরোপে বিদায়ী সফরের শেষ গন্তব্য ব্রিটেনে যাওয়ার আগে রোববার প্যারিসে এ আহ্বান জানান বুশ।
ব্রিটেনের অবজারভার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বুশ বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরাক যুদ্ধে তাদের প্রধান মিত্র ব্রিটেন অবশ্যই সেখান থেকে সেনা ফিরিয়ে আনতে চায়। কিন্তু তার দিনক্ষণ নির্ভর করছে সাফল্যের ওপর।
প্রেসিডেন্ট বুশ বলেন, "আমাদের উত্তর হলঃ কোনো নির্ধারণী সময়সীমা থাকা উচিৎ না।"
একইসঙ্গে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন যে, তিনি এবং তার সেনাবাহিনী এ বিষয়ে কি ভাবছেন ব্রাউন নিয়মিত তার খোঁজ খবর রাখেন।
ইরাকে এখনও প্রায় ৪,০০০ ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। এদের বেশিরভাগই অবশ্য দক্ষিণ ইরাকের সেনা ঘাঁটিতে অবস্থান করছে।
বুশ ও তার স্ত্রী লরা রোববার বিকালে ব্রিটেনের রাণী এলিজাবেথের সঙ্গে দেখা করবেন। এছাড়াও সেদিনই তাদের লন্ডনের অদূরে উইন্ডসর ক্যাসলে ঘুরতে যাওয়ার কথা রয়েছে। রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের নৈশভোজে অংশ নেবেন বুশ দম্পতি।
সোমাবার ব্রাউনের সঙ্গে বৈঠকে বসবেন বুশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪১৫ ঘ.
bdnews24