২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু প্রকল্প বন্ধে বিশ্বশক্তির নুতন প্রস্তাব, ইরানের প্রত্যাখ্যান

সহযোগিতার বিনিময়ে ইরানকে তাদের পরমাণু প্রকল্প বন্ধে আবারও প্রস্তাব দিয়েছে বিশ্বশক্তিগুলো। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জেভিয়ার সোলানা শনিবার নতুন সাহায্য প্যাকেজ ইরানের কাছে হস্তান্তর করেছেন। তবে ইরান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

তেহরান, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সহযোগিতার বিনিময়ে ইরানকে তাদের পরমাণু প্রকল্প বন্ধে আবারও প্রস্তাব দিয়েছে বিশ্বশক্তিগুলো। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জেভিয়ার সোলানা শনিবার নতুন সাহায্য প্যাকেজ ইরানের কাছে হস্তান্তর করেছেন। তবে ইরান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইরানকে সতর্ক করে দিয়েছে তারা পরমাণু প্রকল্প বন্ধ না করলে আরও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং তা জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। ইরানের দাবি, এটি তাদের অধিকার। যে কারণে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। তবে জাতিসংঘের পর্যাবেক্ষণের অধীনেই তারা এ কাজ করবে। যদিও দেশটি এর আগেও জাতিসংঘ পর্যবেক্ষকদের বাধা দিয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির দেওয়া নতুন এই প্যাকেজ সোলানা শনিবার ইরানের পররাষ্টমন্ত্রী মনৌশের মোত্তাকির কাছে হস্তান্তর করেছেন। এ সম্পর্কে ইরানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সরকারের মুখপাত্র গোলামহোসেন এলহাম বলেন, "ইরানের অবস্থান পরিস্কার। কোনো পূর্ব শর্ত একেবারেই গ্রহণযোগ্য নয়।" সাংবাদিকদের তিনি আরও বলেন, "নতুন এই প্রস্তাবে যদি পরমাণু প্রকল্প বন্ধের শর্ত থাকে তাহলে তা নিয়ে কোনো কথা বলার আর দরকার নেই।" ইরান আনুষ্ঠানিকভাবে প্রস্তাব প্রত্যাখ্যান না করলেও এলহামের এই মন্তব্যের পর ফ্রান্স সফররত মার্কিন প্রেসিডেন্ট বুশ জানিয়েছেন তিনি এতে হতাশ হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বুশ বলেন, "ইরানি নেতারা এ ধরণের একটি ভাল প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমি হতাশ হয়েছি।" তিনি জানান, এখন পরিস্কার হয়ে গেছে যে দেশটির নেতারা তাদের জনগণকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চাইছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪৫ ঘ.