কান্দাহার, আফগানিস্তান, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে জেল থেকে পালানো শতাধিক বন্দির খোঁজে তল্লাশি শুরু করেছে আফাগান ও বিদেশি সেনারা। এদিকে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে শনিবার একটি বিস্ফোরণে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর চার সদস্য নিহত হয়েছে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের প্রধান জেলখানায় শনিবার রাতে তালেবান জঙ্গিদের হামলার পর সেখান থেকে পালিয়ে যায় শতাধিক বন্দি।
তালেবান জঙ্গিদের কমান্ডো স্টাইলের ওই অভিযানের সঙ্গে জেলখানার নিরাপত্তা কর্মকর্তারা জড়িত ছিলেন কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তপক্ষ।
তবে উপ-বিচারমন্ত্রী মোহাম্মদ কাশিম হাশিমজাই রয়টার্সকে জানিয়েছেন, পলাতক বন্দিদের কাউকে এখনো পর্যন্ত পুনরায় গ্রেপ্তার করা যায়নি।
তিনি বলেন, "ওই হামলা ছিল খুবই অপ্রত্যাশিত। পলাতক বন্দিদের খোঁজে অভিযান শুরু করা হয়েছে।"
শুক্রবারের ওই হামলার আগে জেলখানাটিতে চারশ' তালেবান জঙ্গিসহ সহস্রাধিক বন্দি আটক ছিল বলে তিনি জানিয়েছেন। তবে হামলার সময় কত বন্দি পালিয়ে গেছে তা তিনি জানাতে পারেননি।
উপ-বিচার মন্ত্রী জানিয়েছেন, হামলাকারীরা একটি ট্রাক নিয়ে জেলগেটে হামলা চালায়। এ সময় তারা বিস্ফোরণও ঘটায়। নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষে পুলিশ, বন্দি ও হমলাকারীরাও আহত হয়েছে।
হাশিমজাই বলেন, "হামলায় তালেবান জঙ্গিরা জেলখানার ভেতর থেকে কোনো রকম সহযোগিতা পেয়েছে কিনা আমরা তা জানার চেষ্টা করছি।"
এদিকে শনিবার পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে অভিযানের সময় একটি বিস্ফোরণে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর চার সেনা নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০৯ ঘ.
bdnews24