হারারে, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'বিশ্বাসঘাতক' বিরোধীদের থেকে দেশকে রক্ষায় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জিম্বাবুয়ের সেনাপ্রধান। তিনি জানিয়েছেন, বিরোধীদের কারণে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। সরকার পরিচালিত একটি পত্রিকা শনিবার এ কথা জানিয়েছে।
সেনাপ্রধান জেনারেল কনস্ট্যানটাইন সিয়েনগা জানিয়েছেন, ব্রিটেনের নেতৃত্বে পশ্চিমা শক্তিগুলো জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার চেষ্টা করছে। জিম্বাবুয়ের বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) অভিযোগ করে আসছে আগামী ২৭ জুনের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন সেনাপ্রধান। এর আগেও এমডিসি অভিযোগ করেছিল সেনাবাহিনী তাদের নেতা মর্গান স্যাঙ্গেরাইকে হত্যার চক্রান্ত করছে।
গত ২৯ মার্চের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এমডিসি। একই দিন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও বিজয়ী হন তাদের নেতা মর্গান স্যাঙ্গেরাই। কিন্তু তিনি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় ভোট গ্রহণের ঘোষণা দেয়। আগামী ২৭ জুন দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাষ্ট্র নিয়ন্ত্রিত 'ক্রনিকল' জানায়, সেনাপ্রধান সিয়েনগা বলেছেন, উপনিবেশিক দখলদার শক্তি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এখন জিম্বাবুয়ের নাগরিকদের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা।
তিনি বলেন, "নতুন পতাকা ওড়ানোর অর্থই হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের পুনরুদ্ধার এবং আমাদেরকে তা রক্ষা করতেই হবে।"
তিনি আরও বলেন, "সাবেক উপনিবেশিক শক্তি অর্থনৈতিক অবরোধ ও বিশ্বাসঘাতক বিরোধীদের নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। বিশাল ত্যাগের বিনেময়ে আমরা যা অর্জন বিরোধীদের বিশ্বাসঘাতকতা তার প্রতি হুমকি হয়ে দাড়িয়েছে।
সেনাপ্রধান সরাসরি এমডিসি বা স্যাঙ্গরাইয়ের নাম না নিলেও তিনি এর আগেও অভিযোগ করেছেন বিরোধীরা পশ্চিমাদের হাতের পুতুলে পরিণত হয়েছে। তাদেরকে কোনো মতে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।
এর আগে গত বৃহস্পতিবার এক রাজনৈতিক সমাবেশে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে জানান, আগামী ২৭ জুনের নির্বাচনে বিরোধীদের বিজয় ঠেকাতে প্রস্তুত মুক্তিযোদ্ধারা। তিনি বলেছেন, প্রয়োজনে মুক্তিযোদ্ধারা হাতে অস্ত্র তুলে নেবে।
মুগাবে বলেন, "আমরা এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। দেশের শাসন ক্ষমতা কখনোই এমডিসির হাতে যাবে না। তারা দেশটাকে সাবেক শেতাঙ্গ শাসকদের হাতে তুলে দেবে। এটা কখনোই হতে পারে না।"
মানবাধিকার সংগঠনগুলোসহ বিরোধী নেতা স্যাঙ্গেরাই অভিযোগ করেছেন, দ্বিতীয় দফা নির্বাচনে জিততে মুগাবে সরকার বিরোধী নেতাকর্মীসহ জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে।
স্যাঙ্গেরাই জানিয়েছেন, বিতর্কিত প্রথম দফা নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতায় তাদের কমপক্ষে ৬৫ কর্মী-সমর্থক নিহত হয়েছে। অধিকাংশ হামলা মুগাবের জানু-পিএফ পার্টির লোকজন করেছে বলে দাবি এমডিসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১৫ ঘ.
bdnews24