প্যারিস, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির আপত্তি সত্ত্বেও ইরাকের সঙ্গে দীর্ঘ মেয়াদে নিরাপত্তা চুক্তি করার বিষয়ে এখনো আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শানিবার তিনি জানিয়েছেন, চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে।
ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি গত শুক্রবার জানান, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে। তিনি জানিয়েছেন, মর্কিন দাবি ইরাকের সার্বভৌমত্বের পরিপন্থি।
প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বুশ বলেন, "আমি বাজি রাখতে পারি, ইরাকের সঙ্গে আমরা চুক্তি করবোই।"
তিনি পুনরায় উল্লেখ করেন, এই চুক্তির কারণে ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্টের জন্য ইরাক থেকে সেনা প্রত্যাহার বা সেখানে স্থায়ী ঘাঁটি তৈরির কোনো বাধ্যবাধকতা তৈরি হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৩৫ ঘ.
bdnews24