মাদ্রিদ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় নিরাপত্তা জোরদার করেছে স্পেন ও মালয়েশিয়া। স্পেন সরকার জানিয়ে দিয়েছে তারা বিক্ষোভ একেবারেই বরদাস্ত করবে না।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্পেনের ট্রাক চালকরা ধর্মঘট অব্যাহত রেখেছে। জ্বালানির মূল্য কমানোর দাবিতে গত শনিবার থেকে বিক্ষোভ শুরু করেছে প্রায় পাঁচ হাজার ট্রাক চালক।
রাজধানী মাদ্রিদের প্রধান প্রধান সড়কে বিক্ষোভরত চালকদের ফেলে রাখা ট্রাকের কারণে সেখানে প্রতিনিয়ত বিশাল যানজটের সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে যে সমস্ত চালকরা বিক্ষোভে যোগ দেয়নি তাদের ওপর হামলা চালাচ্ছে বিক্ষোভরত চালকরা।
স্পেনের সরকার জানিয়ে দিয়েছে প্রতিবাদ বিক্ষোভ কঠোর হাতে দমন করা হবে। প্রধানমন্ত্রী হোসে লুইস রডরিগজ জাপাতেরো বলেছেন, "সহিংসতা বা ভয় দেখানো হলে সরকার তা মোটেই সহ্য করবে না।"
স্পেনের সরকার জানিয়েছে, ভয়ভীতি দেখানোসহ সহিংসতার অভিযোগ এ পর্যন্ত ৭১ জনকে আটক করা হয়েছে।
অন্যদিকে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে বড় ধরণের একটি সমাবেশ থামাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কুয়ালা লামপুরের পুলিশ প্রধান মোহাম্মদ সাবতু ওসমান জানিয়েছেন, পরিকল্পিত ওই সমাবেশ রুখতে দেড় থেকে দুই হাজার নিরাপত্তাকর্মীকে সতর্ক রাখা হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জ্বালানি তেলের মূল্য প্রায় ৪০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে ব্যারেলপ্রতি তেলের দাম সর্বকালের রেকর্ড ছাড়িয়ে ১৩৯ ডলারে পৌঁছেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫০ ঘ.
bdnews24