ওয়াশিংটন, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - "মার্কিন সেনারা কখন ইরাক ছাড়বে সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে ইরাকে হতাহতের সংখ্যা"-- বুধবার এ মন্তব্য করে ডেমোক্র্যাটদের অভিযোগের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন। নভেম্বরের নির্বাচনে সবচে স্পর্শকাতর ইরাক ইস্যুতে এমন মন্তব্যের জন্য ম্যাককেইনকে একজন কিংকর্তব্যবিমুঢ় এবং সহমর্মিতাহীন ব্যক্তি বলেই দোষারোপ করছেন ডেমোক্র্যাটরা।
ম্যাককেইন শিবির অবশ্য বলছে, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাছাড়া, ম্যাককেইন একসময় যুদ্ধবন্দী ছিলেন। আর তাই ইরাকে মার্কিন সেনা ও তাদের পরিবারের আত্মত্যাগ ম্যাককেইনের চেয়ে আর ভালো কে বুঝবে।
অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন একজন সম্ভাবনাময় কমান্ডার ইন চিফের বিষয়টির ওপর জোর দিয়েই তার প্রচারাভিযান চালাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা সম্পর্কে তিনি বলছেন, পররাষ্ট্রনীতিতে ওবামা অত্যন্ত অনভিজ্ঞ।
ওদিকে, টেলিভিশন সাক্ষাৎকারে ইরাক থেকে সেনা ফেরানো সম্পর্কে এক প্রশ্নের জবাবে ম্যাককেইনের কথা লুফে নিয়েছে ডেমোক্র্যাটরা। এনবিসি টেলিভিশনের 'টুডেশো'তে মার্কিন সেনারা কখন ইরাক ছাড়তে পারে সে সম্পর্কে ম্যাককেইন কোনোও ধারণা দিতে পারেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "না। আর এটি খুব গুরুত্বপূর্ণ কিছুও না।" গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইরাকে হতাহতের সংখ্যা।"
ম্যাসাচুসেটস এর ডেমোক্র্যাটিক সিনেটর জন কেরি বলেছেন, " ইরাক নিয়ে মার্কিনিদের উদ্বেগ বিশেষ করে সেখানে যে সেনারা আছে তাদের পরিবারের উদ্বেগের কাছে ম্যাককেইনের এই মন্তব্য অবিশ্বাস্যরকম বেখাপ্পা এবং বেমানান।"
তিনি আরও বলেন, "তাদের কাছে সেনাদের বাড়ি ফিরে আসাটাই বিশ্বের সবচে গুরুত্বপূর্ণ জিনিস। সবচে গুরুত্বপূর্ণ আরও একটি ব্যাপার হচ্ছে তাদেরকে কেমন করে বাড়ি ফিরিয়ে আনা হবে সেটি বুঝতে পারে এমন একজন কমান্ডার ইন চিফ নির্বাচন করা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৫৫০ ঘ.
bdnews24