হারারে, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাই ক্ষমতাসীন জানু-পিএপ পার্টির সঙ্গে জাতীয় সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। শনিবার তিনি জানিয়েছেন, সরকারের ষড়যন্ত্র সত্ত্বেও তার দল আগামী ২৭ জানুয়ারির দ্বিতীয় দফার নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী।
হারারেতে এক সংবাদ সম্মেলনে মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা স্যাঙ্গেরাই অভিযোগ করেন, সেনাবাহিনীই মূলত দেশ চালাচ্ছে।
তিনি জানান, বিতর্কিত প্রথম দফা নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতায় তাদের কমপক্ষে ৬৫ কর্মী-সমর্থক নিহত হয়েছে। অধিকাংশ হামলা মুগাবের জানু-পিএফ পার্টির লোকজন করেছে বলে দাবি এমডিসির।
দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে যাওয়ার সময় গত শুক্রবার বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাইকে আটক করা হয়। কয়েক ঘণ্টা পর অবশ্য তাকে আবার ছেড়ে দেওয়া হয়।
গত ২৭ মার্চের বিতর্কিত নির্বাচনের পর ৮ এপ্রিল থেকে নিরাপত্তার কারণে দেশের বাইরে ছিলেন স্যাঙ্গেরাই। দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিতে গত ২৪ মে দেশে ফেরেন তিনি। এর আগে এমডিসি অভিযোগ করে সেনাবাহিনী তাদের নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে। এ কারণে তার দেশে ফেরা প্রথম দফায় বাতিলও করা হয়।
এমডিসি অভিযোগ করে আসছে, প্রেসিডেন্ট মুগাবে ও তার দল জানু-পিএফ পার্টি ভোটারদের ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে।
এমডিসির দাবি, গত ২৯ মার্চের নির্বাচনে তাদের নেতা স্যাঙ্গেরাই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
নির্বাচনের দীর্ঘদিন পর নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী স্যাঙ্গেরাই পান ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট এবং মুগাবে পান ৪৩ দশমিক ২ শতাংশ ভোট। কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫০ ঘ.
bdnews24