লন্ডন, ০৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে রোববার এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৩ ব্রিটিশ প্যারাট্রুপার নিহত হয়েছেন। এ নিয়ে ২০০১ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ব্রিটিশ সেনা নিহত হওয়ার সংখ্যা ১০০ জনে পৌঁছাল।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সঙ্গীন উপত্যকায় সম্মুখ অভিযান ঘাঁটির কাছে নিয়মিত টহলের সময় প্যারাসুট ব্রিগেডের চার সেনার ওপর হামলা করা হয়।
বিবৃতিতে জানানো হয়, "চিকিৎসা কেন্দ্রে নেওয়ার সময় দুঃখজনক ভাবে এক সেনা মারা যায় এবং চিকিৎসা কর্মীদের আপ্রাণ চেষ্টার পরও মারাত্মক আহত আরও দুই সেনা নিহত হয়।"
বিবৃতিতে আরও জানানো হয়েছে, "চতুর্থ সেনা চিকিৎসা দলের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছে এবং আশা করা হচ্ছে তিনি ভালো ভাবে সেরে উঠবেন।"
ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগের প্রধান এয়ার চিফ মার্শাল স্যার জক স্টিরাফ জানান, তিনি এই মৃত্যুর জন্য মর্মাহত কিন্তু এ ঘটনায় তারা নিরাশ হয়ে পড়বেন না বলেও জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩০১ ঘ.
bdnews24