বাগদাদ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)- ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি বলেছেন, ইরানের হামলার জন্য কোনো দেশকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না তার দেশ। তেহরান সফরকালে রোববার তিনি একথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির সঙ্গে আলোচনার পর মালিকি বলেন, "ইরান বা প্রতিবেশী যে কোনো দেশে হামলার জন্য ইরাক কোনো অবস্থাতেই তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।"
শনিবার সন্ধ্যায় মালিকি মোত্তাকির সঙ্গে বৈঠক করেন। পরে প্রেসিডেন্ট আহমাদি নেজাদের সঙ্গেও তার বেঠকের কথা রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম। ২০০৫ সালের জুনে ক্ষমতায় আসার পর ইরানে এটি মালিকির তৃতীয় সফর।
প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ইরাকে মার্কিন বাহিনীর ভূমিকার বিষয়টি প্রাধান্য পাবে। তবে ইরাকি বিদ্রোহীদের পেছনে ইরানের মদদের অভিযোগের বিষয়টিও সে সময় আলোচনায় আসতে পারে। ইরাকের শিয়া বিদ্রোহীদের ইরানের সমর্থন দেওয়ার বিষয়ে অভিযোগ তুলতে পারেন মালিকি।
ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মালিকির সঙ্গে সফররত ইরাকি কর্মকর্তারা এ সময় শিয়া বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগের বিষয়ে তাদের সংগৃহীত প্রামাণ উপস্থান করবেন।
ইরান বরাবরই ইরাকের এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবারও বিষয়টি তুলে ইরানকে এই সমর্থন বন্ধ করার আহ্বান জানানবেন।
জাতিসংঘের দেওয়া ক্ষমতা অনুযায়ী, ২০০৮ সালের পর ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতির বিষয়টি নিয়ে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তির আলোচনা চলছে ইরান প্রকাশ্যেই তার বিরোধিতা করে আসছে। ইরাক ও যুক্তরাষ্ট্রের এই চুক্তির বিষয়টি আগামী জুলাই মাসের মধ্যে চূড়ান্ত হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১০০ ঘ.
bdnews24