২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিদুর্গতদের উচ্ছেদের কথা অস্বীকার করল মিয়ানমার

ঘূর্ণিঝড় নার্গিসে ক্ষতিগ্রস্তদের ত্রাণশিবির থেকে উচ্ছেদ করার কথা অস্বীকার করেছে মিয়ানমার জান্তা সরকার। বরং ঘূর্ণিঝড়ের পর তারা স্বেচ্ছা পুনর্বাসন কর্মসূচির আওতায় কাজ করছে বলে দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ইয়াঙ্গুন, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ঘূর্ণিঝড় নার্গিসে ক্ষতিগ্রস্তদের ত্রাণশিবির থেকে উচ্ছেদ করার কথা অস্বীকার করেছে মিয়ানমার জান্তা সরকার। বরং ঘূর্ণিঝড়ের পর তারা স্বেচ্ছা পুনর্বাসন কর্মসূচির আওতায় কাজ করছে বলে দাবি করেছে। মিয়ানমারের সেনাশাসকদের কণ্ঠ 'দ্য নিউ লাইট অব মিয়ানমার' প্রধানমন্ত্রী থিয়েন সিয়েনের উদ্ধৃতি দিয়ে বলেছে, "২ মে'র ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া মানুষদের বাড়ি ফিরে যাওয়া এবং নতুন জায়গায় বসতি গড়ার জন্য সাহায্য দেওয়া হবে।" ঝড়ে বিধ্বস্ত ইরাবতী ব-দ্বীপ এলাকায় শনিবার এক ত্রাণশিবির পরিদর্শনকালে থিয়েন সিয়েন বলেন, "যেখানে ত্রাণশিবির খোলা হচ্ছে সে সমস্ত এলাকায় ঘূর্ণিদুর্গতরা থাকতে চাইলে তাদেরকে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে।" তিনি আরও বলেন, "সেইসঙ্গে সরকার আরও কিছু সময়ের জন্য নির্দিষ্ট মাত্রায় দুর্গতদের মৌলিক চাহিদা পূরণের চেষ্টা নেবে।" এ সম্পর্কে তিনি বলেন, "দুর্গত মানুষেরা রেশনের খাবার পাবে এবং চাষাবাদের হাতিয়ার পাবে।" মিয়ানমার সরকার আশ্রয়শিবির থেকে দুর্গতদের উচ্ছেদ শুরু করার পর এমনেস্টি ইন্টারন্যাশনাল গত সপ্তাহে বলেছে, সরকার জরুরি আশ্রয়শিবির থেকে ঘূর্ণিদূর্গতদের উচ্ছেদ অভিযান জোরদার করেছে সরকার। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরও জানায়, সরকারের কর্মকাণ্ডে হাজার হাজার দুর্গত মানুষ রোগবালাই ও অনাহারে মৃত্যুর ঝুঁকির মুখে পড়েছে। বিদেশি গণমাধ্যমেও ঘূর্ণিদুর্গতদের বলতে শোনা গেছে যে, তাদেরকে আশ্রয়কেন্দ্র ছাড়তে বাধ্য করা হচ্ছে। কিন্তু সরকার এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং বিদেশি গণমাধ্যমের বিরুদ্ধে খবর অতিরঞ্জিত করার অভিযোগ তুলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটবম/এলকিউ/১৭০২ ঘ.