২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির হাসপাতাল বর্জ্য নিষিদ্ধ করেছে হামবুর্গ

ইতালি থেকে পাঠানো হাসপাতাল বর্জ্যে উচ্চমাত্রার তেজষ্ক্রিয়তা পাওয়ায় জার্মানির হামবুর্গের শ্রমিকদের এর প্রক্রিয়াজাতকরণ কাজ বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)- ইতালি থেকে পাঠানো হাসপাতাল বর্জ্যে উচ্চমাত্রার তেজষ্ক্রিয়তা পাওয়ায় জার্মানির হামবুর্গের শ্রমিকদের এর প্রক্রিয়াজাতকরণ কাজ বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ। একজন মুখপাত্র জানান, ওই হাসপাতাল বর্জ্যে স্বাভাবিকের চেয়ে ৮০ গুণ বেশি তেজষ্ক্রিয়তা রয়েছে। এতে করে এগুলো নিরাপদ রাখার জন্য ব্যয়সাপেক্ষ বিশেষ ব্যবস্থা নিতে হবে। এ বর্জ্য ইতালির ক্যাম্পানিয়া অঞ্চল থেকে এসেছে যার মধ্যে রয়েছে আবর্জনার সমস্যায় ভারাক্রান্ত নেপলস নগরী। স্থানীয় মাফিয়ারা অবৈধভাবে ময়লা ফেলায় বর্জ্য নিয়ে সমস্যা দেখা দিয়েছে ইতালির ওই এলাকায়। হামবুর্গ কর্তৃপক্ষ বলেছে ইতালি সরকার জার্মানিতে পাঠানোর আগে সব আবর্জনা পরীক্ষা করে 'নিরাপদ' বলে লিখিত নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত ক্যাম্পানিয়া থেকে তারা আর কোন বর্জ্য নেবে না। ইতালি জানিয়েছে, বেশ কিছু ময়লাবাহী ট্রেন নির্ধারিত সময়সূচি মতই আগামী সপ্তাহে জার্মানি যাবে। নেপলসের অব্যাহত বর্জ্য সমস্যা সমাধানে গঠিত কমিশন বলেছে তারা ইতোমধ্যে এ ব্যাপারে পর্যাপ্ত গ্যারান্টি দিয়েছে এবং আবর্জনা পরীক্ষায় যেসব ব্যবস্থা নিয়েছে তা জানিয়েছে। জার্মানির অন্যান্য শহর হামবুর্গকে অনুসরণ করলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। আবর্জনা ব্যবস্থাপনার জন্য ক্যাম্পানিয়ায় পর্যাপ্ত ভাগাড় নেই। ক্যাম্পানিয়ায় স্থানীয় মাফিয়া কামোরা অবৈধভাবে আবর্জনা ফেলার ব্যবস্থা করে প্রচুর টাকা কামায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১৪৫২ঘ.