কলম্বো, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় দুটি বাসে শুক্রবার দু'দফা বোমা বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন। শ্রীলঙ্কার পরিবহণ ব্যবস্থার ওপর তামিল টাইগারদের ধারাবাহিক হামলার মধ্যে এটিই সর্বশেষ।
শুক্রবার প্রথম বিস্ফোরণটি ঘটে রাজধানী কলম্বোয় রাস্তার পাশে পেতে রাখা বোমায়। এতে কমপক্ষে ২১ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
সকালের ব্যস্ত সময়ে কলম্বোর দক্ষিণাঞ্চলীয় শহরতলী মোরাচুয়ায় একটি যাত্রী বোঝাই বাসের কাছে ওই বিস্ফোরণ ঘটে।
একইদিনে পোলগোলা শহরে আরেকটি বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
দুটি ঘটনার জন্যই শ্রীলংকার সেনাবাহিনী তামিল বিদ্রোহিদের দায়ি করেছে।
নাম প্রকাশ না করার শর্তে শ্রীলংকা পুলিশের বোমা নিস্ক্রিয়করণ শাখার এক কর্মকর্তা বলেন, "মোরাচুয়ায় বোমাটি রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে পুঁতে রাখা ছিল এবং দূর নিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে এর বিস্ফোরণ ঘটানো হয়েছে।"
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, বিস্ফোরণে বাসটি ভেঙে গেছে এবং বাসের মেঝে রক্তে ভেসে গেছে।
ওই বাসের যাত্রী প্রত্যক্ষদর্শী অরুনা উইক্রামারাছি বলেন, "আমি কাজে যাচ্ছিলাম, হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পাই। দেখি লোকজন রক্তাক্ত অবস্থায় চিৎকার করছে।"
সেইসঙ্গে তিনি আরও বলেন, "বিস্ফোরণে আমার পায়ে আঘাত লেগেছে।"
বিস্ফোরণের সময় বাসটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিল।
শ্রীলংকার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেন, " বিস্ফোরণে পেছনে এলটিটিই'র হাত রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২০ ঘ.
bdnews24