২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করলেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী মনোনীত বারাক ওবামা কিছুটা আকস্মিকভাবে তার পরাজিত প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করেছেন। ওবামার কর্মকর্তারা জানিয়েছেন, তারা দু'জনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালানো এবং দলের ঐক্য নিয়ে আলোচনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ওয়াশিংটন, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী মনোনীত বারাক ওবামা কিছুটা আকস্মিকভাবে তার পরাজিত প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করেছেন। ওবামার কর্মকর্তারা জানিয়েছেন, তারা দু'জনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালানো এবং দলের ঐক্য নিয়ে আলোচনা করেন। এদিকে ওবামার ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগ্রহী বলে যে খবর প্রচারিত হয়েছে তা থেকে হিলারি নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন। ওবামা ভার্জিনিয়ায় রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় প্রচারাভিযানের পরপরই ওয়াশিংটনে হিলারির সঙ্গে বৈঠকে বসেন। বিশাল এক সমাবেশেও অংশ নেন তিনি। হিলারি মঙ্গলবার ওবামার ভাইস প্রেসিডেন্ট হওয়ার ইঙ্গিত দিলেও বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, "ডেমোক্র্যাট প্রার্থীকে বিজয়ী করতে হিলারি ক্লিনটন দরকারি সহায়তা করার কথা জানালেও তিনি ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন না।" বিবৃতিতে আরো বলা হয়, এ বিষয়ে সিনেটর ওবামা নিজেই সিদ্ধান্ত নেবেন। এর আগে একটি ই-মেইলে হিলারি ক্লিনটন তার সমর্থকদের জানান তাদের ধন্যবাদ জানাতে এবং ওবামার প্রার্থিতার জন্য সমর্থন বাড়াতে শনিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানের আয়োজন করবেন তিনি। হিলারি বলেন, "এটি ছিল একটি দীর্ঘমেয়াদি এবং কঠিন প্রচারাভিযান। কিন্তু সবসময়ই আমি বলে এসেছি যে, সিনেটর ম্যাককেইন এবং রিপাবলিকানদের সঙ্গে আমাদের যতটুকু পার্থক্য রয়েছে তার চেয়ে সিনেটর ওবামার সঙ্গে আমার পার্থক্য অনেক কম।" মঙ্গলবার নির্বাচনের প্রথম অধ্যায়ের সমাপ্তির পর হিলারির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওবামা ইঙ্গিত দেন, ভবিষ্যতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রশাসনে হিলারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার ভার্জিনিয়ার ব্রিসটোতে এক সমাবেশে ওবামা বলেন,"হিলারি ও আমার মধ্যে যে পার্থক্য রয়েছে তা আমাদের (ডেমোক্র্যাট) এবং রিপাবলিকানদের মধ্যেকার পার্থক্যের তুলনায় কিছুই নয়।" এদিকে আগস্টে ডেমোক্র্যাটিক দলের কনভেনশনের আগেই বিতর্কে অংশ নিতে ওবামার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ম্যাককেইন। তার এ আমন্ত্রণ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ওবামার দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১৩৪৩ঘ.