২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকায় সবুজ বিপ্লবের আহ্বান রোম সম্মেলনে

বিশ্বে খাদ্য সংকট নিয়ে ইতালির রাজধানী রোমে জাতিসংঘ আয়োজিত সম্মেলনে আফ্রিকায় কৃষিতে 'সবুজ বিপ্লব' ঘটানো এবং গরিব ও উন্নয়নশীল দেশগুলোকে আরও বেশি খাদ্য উৎপাদনে সহযোগিতা করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

রোম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে খাদ্য সংকট নিয়ে ইতালির রাজধানী রোমে জাতিসংঘ আয়োজিত সম্মেলনে আফ্রিকায় কৃষিতে 'সবুজ বিপ্লব' ঘটানো এবং গরিব ও উন্নয়নশীল দেশগুলোকে আরও বেশি খাদ্য উৎপাদনে সহযোগিতা করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনদিনব্যাপী সম্মেলনে দ্বিতীয় দিন বুধবার নাইজেরিয়ার কৃষিমন্ত্রী সায়াদি আবা রুমা বলেন, "বিশ্বব্যাপী চলমান খাদ্য সংকটই আফ্রিকায় 'সবুজ বিপ্লব' ঘটানোর গুরুত্ব বলে দিচ্ছে। সবুজ বিপ্লবের মধ্য দিয়ে আফ্রিকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার এখনই সময়। কারণ, সেখানে এই বিপ্লব ঘটানোয় ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে।" তিনি আরও বলেন, "খেতে না পেয়ে প্রতি সেকেণ্ডে একটি শিশু মারা যাচ্ছে। বাগাড়ম্বর অনেক হয়েছে। এখন কাজের সময় এসেছে।" জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা'র (এফএও) আয়োজিত সম্মেলনে বুধবার ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার জরুরি পরিকল্পনা প্রণয়ন করছেন নেতারা। বিশ্বের ১০০ কোটি মানুষকে ক্ষুধামুক্ত করতে বাণিজ্য বাধা অপসারণ, গরিব দেশগুলোর কৃষিতে বিনিয়োগ এবং সাহায্য ত্বরান্বিত করতেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। এফএও'র সদর দপ্তরে আয়োজিত তিনদিনব্যাপী এই সম্মেলনে যোগ দিয়েছেন ৪৪টি দেশের নেতারা। সম্মেলনের খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে, "আমরা আজ এবং আগামী দিনে সবার জন্য ক্ষুধামুক্তি ও খাদ্য নিরাপত্তা বিধানের অঙ্গীকার করছি।" আফ্রিকায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতার জন্য এফএও'র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য রোমে উপস্থিত আছেন, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। অ্যালায়েন্স ফর এ গ্রিন রেভ্যুলেশন ইন আফ্রিকা'র (এজিআরএ) সভাপতি কফি আনান বলেন, "আমরা আশা করছি আফ্রিকায় সবুজ বিপ্লব জনপ্রিয় হয়ে উঠবে। জীববৈচিত্র ও আফ্রিকার বিশেষ আঞ্চলিক বৈশিষ্ট রক্ষা করেই তা করা হবে।" বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রায় ১০ কোটি মানুষ সংকটে পড়েছে এবং ৮ কোটি ৫০ লাখ লোক খাদ্যাভাবে জর্জরিত। অস্থিতিশীল হয়ে পড়েছে বিভিন্ন দেশের সরকার। এই প্রেক্ষাপটেই জরুরি সম্মেলন ডেকেছে এফএও। গত দু'বছরে বিশ্বব্যাপী প্রধান প্রধান খাদ্যশস্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। চাল, ভুট্টা এবং গমের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। কিছু কিছু পণ্যের দাম গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। ফলে বিশ্বের অনেক দেশের জনগণের আয়ের প্রায় অর্ধেক খাদ্যের পেছনে ব্যয় করতে হচ্ছে। আর এ কারণে অনেক উন্নয়নশীল দেশেই খাদ্যদাঙ্গা দেখা দিয়েছে। মঙ্গলবারের উদ্বোধনী দিনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাণিজ্যে বিধি-নিষেধ এবং জৈব জ্বালানি উৎপাদনের জন্য যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলকে দায়ী করেছে। বুধবার প্রতিনিধিরা ঘোষণাপত্র ওপর আলোচনা করে বৃহস্পতিবার চূড়ান্ত ঘোষণা দেবেন। খসড়া ঘোষণাপত্রে "খাদ্য উৎপাদন বাড়ানো, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি, খাদ্যপণ্য আমদানি, রপ্তানির ওপর থেকে বিধি-নিষেধ অপসারণ এবং পৃথিবীর সম্পদ আজকের ও ভবিষ্যত প্রজন্মের জন্য টেকসই করার" প্রতিশ্র"তি দেওয়া হয়েছে। জাপান, মিসর, আর্জেন্টিনা, ব্রাজিল, জিম্বাবুয়েসহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা এফএও'র এ সম্মেলনে রয়েছেন। রয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বান বলেন, "ক্ষুধার চেয়ে ভয়াবহ কিছু হতে পারে না, বিশেষ করে সেই পরিস্থিতি যখন মানুষ সৃষ্ট হয়।" ২০৩০ সাল নাগাদ বিশ্বে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বর্ধিত ৫০ শতাংশ খাদ্য সরবরাহে বছরে ১৫ থেকে ২০ বিলিয়ন ডরার ব্যয় হবে বলে জানান তিনি। মঙ্গলবার থেকে শুরু হওয়া সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। গত বছর প্রাথমিকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা বিঘি