ওয়াশিংটন, জুন ৪ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বারাক ওবামা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন অর্জন করেছেন। আগস্ট মাসের ২৫ থেকে ২৮ তারিখে ডেনভারে ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশনে ওই মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ওদিকে, এখনও হাল ছাড়েননি প্রতিদ্বন্দ্বী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তবে তিনি ওবামাকে অভিনন্দন জানিয়েছেন এবং ডেমোক্র্যাট দলের নম্বর টু বা ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করতে রাজি থাকার ইঙ্গিত দিয়েছেন।
মনোনয়নের দৌড়ে চেষ্টার শেষপ্রান্তে পৌঁছে যাওয়া এবং ওবামার কাছে ক্ষতি স্বীকার না করেও নম্বর টু হিসাবে নির্বাচনে রাজি থাকার হিলারির ইঙ্গিতকে কৌতুক বলেই মনে করছেন তার সমর্থকরা। হিলারি নিউ ইয়র্কের কংগ্রেসম্যানদের কাছে নম্বর টু হতে রাজি থাকার কথা জানান। ওবামা শিবির বলছে, তারা এই বিকল্প পথ খোলা রেখেছে।
ওবামার কাছে হার স্বীকার করার পরিবর্তে হিলারি প্রকাশ্যেই বলেছেন, তিনি সমর্থক এবং পার্টি নেতাদের সঙ্গে আলোচনা করে আগামী দিনগুলোতে তার প্রচারাভিযান চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
ওদিকে, রাজনীতিতে তুলনামূলকভাবে কম পরিচিত হলেও ডেমোক্র্যাট দলের মনোনয়ন জিতে নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন ওবামা। মনোনয়ন নিশ্চিত হলে বারাক ওবামা হবেন মার্কিন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান কোনো দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম কৃষ্ণাঙ্গ এবং নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে পরাজিত করতে পারলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
শেষ মুহূর্ত পর্যন্ত মনস্থির না করা প্রতিনিধিদের অনেকগুলো ভোট পেয়ে গিয়ে ওবামা মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ২,১১৮ জন প্রতিনিধির সমর্থন সংগ্রহ করেন। মঙ্গলবারের শেষ দুই গুরুত্বপূর্ণ প্রাইমারিতে মন্টানায় ওবামা ও সাউথ ডাকোটায় হিলারি জেতেন।
মঙ্গলবার মিনোসোটার সেইন্ট পলে বিজয় উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্য করে ওবামা বলেন, "আরেকটি ঐতিহাসিক অভিযান শুরুর মধ্য দিয়ে আজ রাতে আমরা একটা ঐতিহাসিক অভিযানের সমাপ্তি উদযাপন করছি।"
প্রায় ১৭,০০০ উল্লসিত সমর্থকের মাঝে দাঁড়িয়ে ওবামা বলেন, "আজ এখানে, আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমিই ডেমোক্র্যাট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যাচ্ছি।" ওই সম্মেলন কেন্দ্রের বাইরে আরও প্রায় ১৫,০০০ ওবামা সমর্থক আনন্দ উল্লাসে মত্ত ছিলেন।
গত পাঁচ মাসে ওবামা-হিলারির মনোনয়ন যুদ্ধে বিভক্ত ডেমোক্র্যাট সমর্থকদের একত্রিত করা এবং রিপাবলিকানদের সঙ্গে নভেম্বরের নির্বাচনী যুদ্ধে ডেমোক্র্যাট দলকে গোছানোই এখন ওবামার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এএমটি/এলকিউ/১৩৩০ ঘ.
bdnews24