২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের কিরকুকে ক্ষমতা ভাগাভাগিতে প্রস্তুত কুর্দিরা

ইরাকের কিরকুক নগরীতে আরবদের সঙ্গে কুর্দিরা ক্ষমতা ভাগাভাগি করতে ইচ্ছুক। ইরাকের কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী নেসিরভান বারজানি মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 12:49 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

দুবাই, ৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকের কিরকুক নগরীতে আরবদের সঙ্গে কুর্দিরা ক্ষমতা ভাগাভাগি করতে ইচ্ছুক। ইরাকের কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী নেসিরভান বারজানি মঙ্গলবার একথা বলেছেন। তেল সম্পদের কারণে কিরকুকে জাতিগত দলগুলোর মধ্যে বিরোধ রয়েছে। ইরাকে সংখ্যালঘিষ্ঠ কুর্দিরা কিরকুককে তাদের প্রাচীন রাজধানী বলেই মনে করে এবং এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তারা গণভোটের জন্য চাপ দিয়ে আসছে। কিন্তু সাদ্দামের আমলে কিরকুক গমনে আগ্রহী আরবরা চায় এই নগরী বাগদাদের শাসনাধীনেই থাকুক। এই বিরোধের কারণে অপেক্ষাকৃত শান্ত কুর্দির উত্তরাঞ্চল অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের ভয়, কিরকুক কুর্দি নিয়ন্ত্রণে চলে গেলে এর আশেপাশের তেল সম্পদ তাদের হাতে চলে আসবে। আর এমন হলে সম্পদশালী ও বৈরি কুর্দি অঞ্চলের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ আরও প্রকট হবে। প্রধানমন্ত্রী বারজানি বলেছেন, "কুর্দির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী আঞ্চলিক সরকার কিরকুকের মর্যাদার বিষয়টি নিয়ে একটি সুরাহার জন্য চাপ দিচ্ছে। তবে এই সুরাহা যে, দীর্ঘদিনের প্রস্তাবিত গণভোটের আকারেই হতে হবে তা নয়।" দুবাইয়ে বারজানি রয়টার্সকে বলেন, "কিরকুকে কুর্দি হিসাবে আমরা ক্ষমতা ভাগাভাগি করে নিতে প্রস্তুত।" উল্লেখ্য, প্রস্তাবিত গণভোট অনুষ্ঠানে ছয়মাস দেরী করার বিষয়টি নিয়ে গত ডিসেম্বরে কুর্দি পার্লামেন্টে ভোট হয়েছে। আর তা করা হয়েছে জাতিসংঘকে বিষয়টি বিবেচনায় কিছু সময় দেওয়ার জন্য। বারজানি বলেন, "আমরা বিষয়টি সুরাহার জন্য চাপ দিচ্ছি। তবে বিশেষ করে গণভোট অনুষ্ঠানের ওপরই আমরা জোর দিচ্ছি না। আমরা জাতিসংঘকে এ ব্যাপারে হস্তক্ষেপের অনুরোধ জানাচ্ছি। কারণ, পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৭ঘ.