লস এঞ্জেলস, জুন ০১ (বিডিনিউজচ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে হলিউডের 'ইউনিভার্সাল স্টুডিও'তে রোববার আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে কয়েকশ' দমকলকর্মী।
বারব্যাঙ্কের দমকলকর্মী ডেভিড অর্তিজ জানান, আগুন নেভাতে লস এঞ্জেলসের দমকল বিভাগকে সহযোগিতা করতে প্রায় দুশ' দমকলকর্মী ও দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তবে এতে এখনো পর্যন্ত কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের বিষয়ে মন্তব্য করার জন্য লস এঞ্জেলস দমকল বিভাগের কোনো মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিন্তু ক্যাপ্টেন ফ্রাঙ্ক রেনোসো জানিয়েছেন, আগ্নিকাণ্ডের স্থল থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এনবিসি ইউনিভার্সাল ইনকর্পোরেটেডের পরিচালনাধীন ইউনিভার্সাল স্টুডিও কয়েকশ' একর জামির উপর প্রতিষ্ঠিত। এই এলাকায় একটি থিম পার্ক ও আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১০৮ ঘ.
bdnews24