নাকৌরা, লেবানন, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানোর কথা রোববার জানিয়েছে হিজবুল্লাহ। এর বিনিময়ে বন্দি এক লেবাননীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে নিসিম নাসের নামক ওই লেবাননীকে বন্দি করে ইসরায়েল।
দুপক্ষের এই বিনিময় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্তে বন্দি বিনিময় নিয়ে পরোক্ষো আলোচনায় অগ্রগতির ধারণাকেই আরও জোরালো করেছে। লেবাননের রাজনৈতিক সূত্রগুলো সোমবার বলেছে, আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে।
৬ বছর জেল খাটার পর মুক্তি পেলেন লেবাননী নিসিম নাসের। লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাকৌরা গ্রামে হিজবুল্লাহ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। আর এখানেই নিহত ইসরায়েলি সেনাদের দেহাবশেষ ফেরত দেওয়ার অপ্রত্যাশিত ঘোষণা দেয় হিজবুল্লাহ।
হিজবুল্লাহর নিরাপত্তা কর্মকর্তা ওয়াফিক সাফা নাসেরের আগমনের সঙ্গে সঙ্গেই বলেন, "আমরা আজ নিহত ইসরায়েলি সেনাদের কয়েকজনের দেহাবশেষ হস্তান্তর করছি।"
এরপর আন্তর্জাতিক রেডক্রস এর একটি গাড়িতে সেনাদের দেহাবশেষ ভর্তি একটি বাক্স তুলে দিয়ে ইসরায়েলে পাঠানো হয়। ইসরায়েল সরকারের মুখপাত্র এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এর আগে ১৯ জানুয়ারিতে এক বক্তব্যে হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, " ২০০৬ সালে ৩৪ দিনের যুদ্ধের পর তার দল রণক্ষেত্র থেকে ইসরায়েলি সেনাদের মাথা ও হাত, পা পেয়েছে।"
হিজবুল্লাহর হাতে দুই ইসরায়েলি সেনা আটককে কেন্দ্র করে ওই যুদ্ধ শুরু হয়। হিজবুল্লাহ ইসরায়েলে আটক বন্দিদের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনার জন্য ওই দুই সেনাকে আটক করেছিল বরে দাবি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৩ঘ.
bdnews24