ইয়াঙ্গুন, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড়ের পর উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঢিলেমির কারণে যুক্তরাষ্ট্রের তিরস্কারের পর মিয়ানমারের সামরিক জান্তা রোববার দাবি করেছে, ঘূর্ণিঝড়ের পর তারা দ্রুতই সাড়া দিয়েছে। এদিকে, জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছে, দুর্গতদের মধ্যে প্রায় দু'লাখ মানুষের কাছে এখনো খাবার পৌঁছেনি।
এদিকে, ত্রাণ বিতরণে বিদেশিদের সুযোগ না দেওয়ার মাধ্যমে সরকার আরো বেশি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস জানিয়েছেন, ত্রাণ বিতরণের সুযোগ না দিলে মিয়ানমার উপকূলে অবস্থানরত মার্কিন ত্রাণবাহী জাহাজ যে কোনও দিন ফিরে যেতে পারে।
সিঙ্গাপুরে একটি নিরাপত্তা সম্মেলনে রোববার মিয়ানমারের উপ-প্রতিরক্ষামন্ত্রী আইয়ে মিনট দাবি করেন, ঘূর্ণিঝড়ের পর তার সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং বিদেশি সাহায্য বিতরণেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। রবার্ট গেটসও এই সম্মেলনে যোগ দিয়েছেন।
মিনট বলেন, "প্রধানমন্ত্রীর ও মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত তদারকি কমিটির তত্ত্বাবধানে যত দ্রুত সম্ভব আশ্রয়শিবির ও হাসপাতাল খোলা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া, আবর্জনা সরিয়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।"
তিনি জানান, গত ২ মে ঘূর্ণিঝড় নার্গিস আঘাত হানার আগেই রাষ্ট্রীয় গণমাধ্যমে জনগণকে সতর্ক করে দেওয়া হয়েছিল। ওই ঘূর্ণিঝড়ে প্রায় এক লাখ ৩৪ হাজার মানুষ নিহত অথবা আহত এবং প্রায় ২৪ লাখ মানুষ গৃহহারা হয়েছে।
এদিকে, আশ্রয়কেন্দ্র থেকে দুর্গতদের জোর করে বাড়ি ফেরানোর চেষ্টা বন্ধ করতে শনিবার মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।
সরকার পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলো স্থায়ী হয়ে যেতে পারে- এই আশঙ্কায় মিয়ানমার জান্তা গত শুক্রবার থেকে হাজার হাজার দুর্গত পরিবারকে জোর করে তাদের ঘূর্ণিঝড় বিধ্বস্ত বাড়িতে ফিরিয়ে দিতে শুরু করেছে।
মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস শনিবার এক বিবৃতিতে বলেন, "মিয়ানমারের জেনারেলরা ঘূর্ণিদুর্গতদের জোর করে তাদের বিধ্বস্ত বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, এটা অমানবিক।"
তিনি আরও বলেনে, "পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে দাবি করে মানুষকে আরও ভয়াবহ দুরবস্থা ও সম্ভাব্য মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ঠিক না।"
সরকার জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পর উদ্ধার ও ত্রাণ তৎপরতা শেষ হয়েছে। এখন তারা পুনর্গঠনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু জাতিসংঘ দাবি করেছে গত ২ মে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় নার্গিসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আগামী ছয় মাস ত্রাণ তৎপরতা চালিয়ে যাওয়া উচিৎ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১০ ঘ.
bdnews24