২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ে ঘড়ির সময় ১ ঘন্টা এগিয়ে নিল পাকিস্তান

ভয়াবহ বিদ্যুৎ ঘাটতি সামাল দিতে এক ঘন্টা আগেই দিন শুরু করতে চায় পাকিস্তান। এজন্য রোববার থেকে স্থানীয় মান সময় ১ ঘন্টা এগিয়ে গ্রিনিচ সময়ের চেয়ে ৬ ঘন্টা এগিয়ে থাকবে পাকিস্তানের ঘড়ি। একইসঙ্গে সরকারি অফিসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহারে বিধি নিষেধ আরোপ এবং আগেভাগে দোকানপাট বন্ধেরও নির্দেশ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 10:49 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ইসলামাবাদ, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভয়াবহ বিদ্যুৎ ঘাটতি সামাল দিতে এক ঘন্টা আগেই দিন শুরু করতে চায় পাকিস্তান। এজন্য রোববার থেকে স্থানীয় মান সময় ১ ঘন্টা এগিয়ে গ্রিনিচ সময়ের চেয়ে ৬ ঘন্টা এগিয়ে থাকবে পাকিস্তানের ঘড়ি। একইসঙ্গে সরকারি অফিসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহারে বিধি নিষেধ আরোপ এবং আগেভাগে দোকানপাট বন্ধেরও নির্দেশ দিয়েছে সরকার। নতুন এ পদক্ষেপের ফলে সন্ধ্যা নামার আগে দিনের আলোতেই আরও একঘন্টা বেশি কর্মঘন্টা পাবে দেশটি। ফলে সরকারি-বেসরকারি অফিসে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা করছেন কর্মকর্তারা। একইসঙ্গে দেশের সব সরকারি অফিসে কর্মদিবসের প্রথম তিনঘন্টা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রাত ৯টার আগেই সব বিপণি বিতান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও ২০০২ সালে দিনের আলোয় কাজের সুবিধার জন্য সময় এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল দেশটি। কিন্তু অনেক মানুষ এ ব্যবস্থার প্রতি অনাগ্রহী হওয়ায় তা সম্ভব হয়নি। বিশেষত গ্রামাঞ্চলের মানুষরা ঘড়ির সময় বদলে নেওয়ার এ ব্যবস্থার প্রতি আগ্রহী নয়। এবারও এ পদক্ষেপের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। দক্ষিণ পূর্বাঞ্চলের মূলতান শহরের টিভি অনুষ্ঠান প্রযোজক আদনান হাদি এ প্রসঙ্গে বলেন,"এ চেষ্টা ব্যর্থ হবে। কেননা, অর্ধেক মানুষ এ সম্পর্কে সচেতনই না। আর বাকী অর্ধেক এর পরোয়া করে না।" বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১২ ঘ.