সউল, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া শুক্রবার তাদের পশ্চিম উপকূল থেকে তিনটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। শনিবার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়নহ্যাপ একথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইয়নহ্যাপ জানায়, "মনে হচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষমতা যাচাই করতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করা হয়েছে।" তবে ইয়নহ্যাপ তাদের প্রতিবেদনে এ কর্মকর্তার পরিচয় জানায়নি।
উত্তর কোরিয়া গত মার্চ মাসেও একই ধরনের পরীক্ষা চালায়। তখন বিশ্লেষকরা বলেছিলেন, হয়তো ওয়াশিংটন এবং দক্ষিণ কোরিয়ার সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে এমন পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার এক হাজারের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশ্লেষকদের মতে, এগুলোর কমপক্ষে ৮০০টি হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা পুরো দক্ষিণ কোরিয়া এবং জাপানের অধিকাংশ এলাকায় আঘাত হানতে সক্ষম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬৩২ ঘ.
bdnews24