২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী পর্যটকদের জন্য মালয়েশিয়ার নতুন ভিসা নীতি

অবৈধ অভিবাসীদের ঠেকাতে বাংলাদেশ ও ভারতীয় পর্যটকদের জন্য মালয়েশিয়া নতুন ভিসা নীতি চালু করবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ হামিদ আলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 06:00 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

কুয়ালালামপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবৈধ অভিবাসীদের ঠেকাতে বাংলাদেশ ও ভারতীয় পর্যটকদের জন্য মালয়েশিয়া নতুন ভিসা নীতি চালু করবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ হামিদ আলবার। নতুন ব্যবস্থায় মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশ ও ভারতীয় পর্যটকদের নিজ নিজ দেশ থেকে দুই সপ্তাহের সোশ্যাল ভিজিট পাস সংগ্রহ করতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভ্রমণ করতে চাইলে তাদের রিটার্ন টিকিটও সঙ্গে রাখতে হবে। সাঈদ হামিদ আলবার শুক্রবার মালয়েশিয়ার দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসকে বলেন, "মালয়েশিয়া গত এপ্রিল থেকে 'অন অ্যারাইভাল' ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে পর্যটকদের সোশ্যাল ভিজিট পাস ব্যবহার করতে হবে।" পর্যটক আকৃষ্ট করতে মালয়েশিয়া ২০০৬ সালে বাংলাদেশ ও ভারতসহ বেশ কিছু দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা চালু করে। ওই ব্যবস্থায় নির্দিষ্ট দেশের পর্যটকরা মালয়েশিয়া বিমানবন্দরে নেমেই ভিসা পেতেন। কিন্তু অনেক বাংলাদেশী ও ভারতীয় নাগরিক এই সুবিধা নিয়ে দীর্ঘ সময় দেশটিতে অবস্থান করছে এবং কাজ করছে- এ অভিযোগ ওঠার পর মালয়েশিয়া সরকার গত এপ্রিলে ওই সুবিধা বাতিল করে দেয়। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৩০ লাখ বিদেশি শ্রমিক কাজ করছে, যাদের ১০ লাখই অবৈধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/২৩৪৬ঘ.