জেরুজালেম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘুষ মামলায় বিতর্কিত হয়ে পড়ার পর প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক পদত্যাগ দাবি করলেও ক্ষমতায় থাকার ব্যাপারে অনড় ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।
গত বুধাবর জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ওলমার্টকে পদত্যাগের আহ্বান জানান বারাক। তবে ওইদিনই এক সহযোগীর মাধ্যমে ওলমার্ট বিষয়টি পরিস্কার করে দেন যে তিনি ক্ষমতা ছাড়ছেন না।
বৃহস্পতিবারও ডেনমার্কের প্রধানমন্ত্রীকে অভ্যার্থনা জানানোর অন্ষ্ঠুানে ওলমার্ট পদত্যাগ নিয়ে কোনো কথা বলেননি।
ওলমার্ট তার গতানুগতিক কূটনীতিক ধারায় বলেন, "সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হবে। সেখানে ইরানের নিয়ে পদক্ষেপ, আঞ্চলিক শান্তি প্রক্রিয়া, সন্ত্রাসবিরোধী যুদ্ধ ও বিশ্বব্যাপী ইসলামের কট্টোরপন্থার হুমকি নিয়ে আলোচনা হবে।"
আগামী সপ্তাহে ওলমার্টের ওয়াশিংটন সফর ও প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাৎ বা ইসরায়েলপন্থি লবিং গ্র"পের বার্ষিক সম্মেলনে বক্তৃতা সম্পর্কে পরিকল্পনা পরিবর্তনে এপর্যন্ত কোনো আভাস নেই।
এক মার্কিন ব্যবসায়ী প্রধানমন্ত্রী ওলমার্টকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করার একদিন পর বুধবার সংবাদ সম্মেলনে বারাক বলেন, "প্রধানমন্ত্রীর উচিৎ সরকারের দৈনন্দিন কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানো।"
ওলমার্টকে ছুটি নেওয়া অথবা ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তিনি সরে যেতে অস্বীকার করলে লেবার পার্টিকে আগাম নির্বাচনের মতো পদক্ষেপ নিতে হতে পারে।
ওলমার্টের জোট সরকারের অন্যতম শরিক দল লেবার পার্টির নেতা বারাক বলেন, "আমি মনে করি তার আর ক্ষমতায় থাকা উচিৎ নয়। সরকারি কর্মকাণ্ড থেকে তার সরে দাঁড়ানো উচিৎ।"
তিনি আরও বলেন, "সাময়িকভাবে দায়িত্ব ছেড়ে দেওয়া, ছুটি নেওয়া, পদত্যাগ করা বা নিজেকে অসমর্থ ঘোষণার মাধ্যমে ওলমার্ট সেটি করতে পারেন। সব পথই তার জন্য খোলা।"
ওলমার্টের নড়বড়ে জোট সরকারে বারাকের লেবার পার্টিই প্রধান শরিক দল। ফলে বারাকের দল সরকার থেকে বেরিয়ে গেলে নতুন নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হবে। আর এতে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া অবশ্যম্ভাবী।
ওলমার্ট অবশ্য আগেই বলেছেন, এ মামলায় অভিযুক্ত হলে তিনি পদত্যাগ করবেন। কিন্তু ইসরায়েলের প্রধান কৌসুলি মোসে ল্যাডর বলছেন, ওলমার্টের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে কিনা তা আগেভাগেই বলা যাচ্ছে না। পুলিশী তদন্ত শেষেই এ সিদ্ধান্তের ব্যাপারে কিছু বলা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24