ইসলামাবাদ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সেনবাহিনী ও প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, প্রেসিডেন্ট পদত্যাগ করছেন- এটি গুজব ছাড়া আর কিছু নয়।
মার্কিন মিত্র মুশাররফ পদত্যাগ করতে যাচ্ছেন এই গুঞ্জনেই করাচি শেয়ার বাজারে বুধ ও বৃস্পতিবার দুদিনে ৪ শতাংশ দরপতন ঘটেছে।
গত ফেব্র"য়ারির পার্লামেন্ট নির্বাচনে ভরাডুবির পর থেকে এক ধরনের গুঞ্জন রয়েছে যে, নতুন পার্লামেন্ট যে কোনো সময় মুশাররফকে ক্ষমতাচ্যূত করতে পারে। ১৯৯৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন তৎকালীন সেনাপ্রধান মুশাররফ।
প্রেসিডেন্ট পদত্যাগ করতে যাচ্ছেন এই গুঞ্জনের মধ্যেই সব পত্রিকায় ফলাও করে মুশাররফ ও সেনা প্রধান আশফাক কিয়ানির বৈঠকের খবরটি প্রকাশ করেছে। বুধবার মধ্যরাতে তাদের মধ্যে এই বৈঠক হয়।
কিয়ানির উদ্ধৃতি দিয়ে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, "গণমাধ্যমের একাংশ সরকারের দৈনন্দিন কাজের কিছু বিষয়কে অযৌক্তিকভাবে অতিমাত্রায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে।"
প্রেসিডেন্ট মুশাররফ তার রাওয়ালপিন্ডি বাসভবন ছেড়ে দিতে রাজি হয়েছেন- পত্রিকার এমন খবরের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্টের এক মুখপাত্র।
মুখপাত্র রশিদ কোরেশি বলেন, "মুশাররফ প্রেসিডেন্ট ভবন ছেড়ে দিচ্ছেন এমন কোনো আলোচনাও হয়নি এবং সে ধরনের কোনো পরিকল্পনাও নেই।"
গত নভেম্বরে সেনা প্রধানের পদ ছেড়ে দেওয়ার পর সাবেক আর্মি হাউস হিসেবে পরিচিত মুশাররফের বর্তমান বাসভবনকে প্রেসিডেন্ট লজ নামকরণ করা হয়। নিরাপত্তার কারণে তিনি সেখানেই বাস করছেন।
মুশাররফের আরেক সহযোগী জানিয়েছেন, সেনাবাহিনী তাকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানাতে পারে এমন ধারণা করা ভুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২০ ঘ.
bdnews24