স্টকহোম, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস বৃহস্পতিবার প্রেসিডেন্ট বুশের ইরাক যুদ্ধের রেকর্ড সমর্থন করে বলেছেন, এ যুদ্ধ সঠিক কাজই ছিল। হোয়াইট হাউসের সাবেক মুখপাত্র স্কট ম্যাকক্লেল্যান তার নতুন বইয়ে ইরাক যুদ্ধের তীব্র সমালোচনা করার পর রাইস এই সাফাই গাইলেন।
২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন রাইস।
বৃহস্পতিবার স্টকহোমে ইরাক প্রশ্নে আন্তর্জাতিক সম্মেলনের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, "আমরা কিছু জিনিস ভালো করেছি, আবার কিছু জিনিস তত ভালো করতে পারিনি। কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত করেই বলতে পারি যে, সাদ্দাম হোসেনের কবল থেকে ইরাকি জনগণকে মুক্ত করাটা কোনো ভুল পদক্ষেপ ছিল না।"
রাইস আরও বলেন, তিনি স্কট ম্যাকক্লেল্যানের বইটি পড়েননি। তবে তিনি বলেন, "সাদ্দাম হোসেনকে উৎখাত করাটা উচিত কাজই হয়েছে।"
ওদিকে, ম্যাকক্লেল্যান তার বইয়ে ইরাক যুদ্ধে প্রচার প্রপাগান্ডা চালানোর ওপর বেশি জোর দেওয়ার জন্য তার সমালোচনা করেছেন। বুশের একসময়কার সহযোগী হিসাবে ম্যাকক্লেল্যান অপ্রত্যাশিতরকম তীব্র ভাষায় তার সমালোচনা করেছেন।
সংবাদ সম্মেলনে এক প্রতিবেদক ওই বই নিয়ে এলে রাইস বলেন, প্রথমত, তিনি একটি জিনিস না পড়েই সে ব্যাপারে মন্তব্য করবেন না। কিন্তু পরক্ষণেই তিনি ইরাক যুদ্ধ করার বিষয়টিকে সঠিক কাজ বলে এক লম্বা বক্তব্য দেন।
রাইস বলেন, "যে সমস্ত ঘটনা ঘটে গেছে সেগুলোর পরিপূর্ণ তাৎপর্য মানুষ দীর্ঘদিন বুঝতে পারে না।" এ প্রসঙ্গে তিনি দুর্ধর্ষ সাদ্দাম হোসেনের হাত থেকে ইরাকিদের মুক্ত করার কথা বলেন। আর একাজ কোনও ভুল কিংবা একতরফা পদক্ষেপ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, "সাদ্দামের হাতে যে গণবিধ্বংসী অস্ত্র আছে এটি শুধু আমেরিকার একার বিশ্বাস ছিল না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইরাকে ওই যুদ্ধ চালানো হয়েছিল। সে তথ্য পরে ভুল প্রমাণিত হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪০ঘ.
bdnews24