ডাবলিন, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বব্যাপী গুচ্ছবোমা নিষিদ্ধের খসড়া চুক্তিতে একমত হয়েছে শতাধিক দেশ। বুধবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক বৈঠকে এ খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছে। তবে বিশ্বের তিন পরাশক্তি চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ বৈঠকে অনুপস্থিত ছিল। আগামী ডিসেম্বরে নরওয়ের রাজধানী অসলোতে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে খসড়া উপস্থাপন করা হবে। তবে এটা এখন শুধুই আনুষ্ঠানিকতা। অপ্রত্যাশিত কোনো ধরনের আপত্তি উত্থাপিত না হলে ডিসেম্বরে অসলোতে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে।
বিট্রেন গুচ্ছবোমার ব্যবহার নিষিদ্ধ করতে একমত হওয়ার পর বিশ্বের ১০০ টিরও বেশি দেশ খসড়া চুক্তি চূড়ান্ত করতে বৈঠকে বসে। গুচ্ছবোমা এতই মারাত্মক যে এটি নিক্ষেপের সময় ছাড়া পরবর্তীতেও ক্ষতির কারণ হয়ে দেখা দেয়।
কূটনীতিক এবং কর্মীরা জানান, ১৯৯৭ সালের স্থলমাইন নিষিদ্ধ চুক্তির আদলে গুচ্ছবোমা নিষিদ্ধ চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে।
নরওয়ে প্রতিনিধি দলের সদস্য ক্রিস্টিয়ার রুজ রয়টার্সকে জানান, শক্তিশালী তিন দেশ চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বৈঠকে অংশ নেয়নি। তিনি বলেন, "গুচ্ছবোমা নিষিদ্ধকরণে এটি একটি শক্তিশালী চুক্তি।"
চুক্তির খসড়া প্রস্তুত হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা গুচ্ছবোমা নিষিদ্ধ চুক্তির বিরোধিতা করবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টম ক্যাসি বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার থেকে গুচ্ছবোমা অপসারণ করা হলে মার্কিন সেনা ও তাদের মিত্রদের জীবন ঝুঁকির মুখে পড়বে।
গুচ্ছবোমা এমন এক ধরণের বোমা যা একসঙ্গে কয়েকশ' বোমা বহন করে একটি বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। এছাড়াও এর কিছু বোমা প্রায়ই অবিস্ফোরিত থাকে। এই অবিস্ফোরিত বোমাগুলোই পরে যে কোনও সময় বিষ্ফোরিত হয়ে প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটাতে পারে। পড়ে থাকা বস্তুটি কি তা দেখতে গিয়ে ঔৎসুক শিশুরা প্রায়ই এই বোমা বিষ্ফোরণে নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২২৫ ঘ.
bdnews24