জেরুজালেম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘুষ মামলায় বিতর্কিত ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের পদত্যাগ দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। বুধবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি ওলমার্টকে পদত্যাগের আহ্বান জানান।
এক মার্কিন ব্যবসায়ী প্রধানমন্ত্রী ওলমার্টকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করার একদিন পর সংবাদ সম্মেলনে বারাক বলেন, "প্রধানমন্ত্রীর উচিৎ সরকারের দৈনন্দিন কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়া।"
ওলমার্টকে ছুটি নেওয়া অথবা ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তিনি সরে যেতে অস্বীকার করলে লেবার পার্টিকে আগাম নির্বাচনের মতো পদক্ষেপ নিতে হতে পারে।
ওলমার্টের জোট সরকারের অন্যতম শরিক দল লেবার পার্টির নেতা বারাক বলেন, "আমি মনে করি তার আর ক্ষমতায় থাকা উচিৎ নয়। সরকারি কর্মকাণ্ড থেকে তার নিজেকে সরিয়ে নেওয়া উচিৎ।"
তিনি আরও বলেন, "সাময়িকভাবে দায়িত্ব ছেড়ে দেওয়া, ছুটি নেওয়া, পদত্যাগ করা বা নিজেকে অসমর্থ ঘোষণার মাধ্যমে ওলমার্ট সেটি করতে পারেন। সব পথই তার জন্য খোলা।"
প্রতিরক্ষামন্ত্রী বারাক বুধবার আকস্মিকভাবে সংবাদ সম্মেলন আহ্বান করার আগে থেকেই ধারণা করা হচ্ছিল, ঘুষ মামলায় সর্বশেষ জেরার পর প্রধানমন্ত্রী ওলমার্টকে তিনি পদত্যাগ অথবা সাময়িকভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাতে পারেন।
ওলমার্টের ঘুষ কেলেঙ্কারি প্রমাণিত হওয়ায় বারাক তাকে পদত্যাগের আহ্বান জানাতে পারেন বলে বুধবার জানায় ইসরায়েলি বেতার। বারাক আকস্মিক সংবাদ সম্মেলন ডাকায় সেই সম্ভাবনা আরও জোরাল হয়।
ইসরায়েলি বেতার জানায়, মার্কিন ব্যবসায়ী মরিস তালানস্কি মঙ্গলবার ওলমার্টকে খামে করে অর্থ দেওয়ার বিষয়টি স্বীকার করার পর ইসরায়েলের জোট সরকারের ঊর্ধ্বতন সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক একটি বিবৃতি দিতে চান।
বারাকের লেবার পার্টির এক আইনপ্রণেতা ড্যানি ইয়াতোম এক সংবাদ প্রতিবেদনে এর আগে জানিয়েছিলেন, "হয় ওলমার্ট নিজেই সরে যাবেন, নয়ত লেবার পার্টি সরকার থেকে বের হয়ে যাবে"---বারাক এমন দাবি করতে পারেন।
ওলমার্টের নড়বড়ে জোট সরকারে বারাকের লেবার পার্টিই প্রধান শরিক দল। ফলে বারাকের দল সরকার থেকে বেরিয়ে গেলে নতুন নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হবে। আর এতে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া অবশ্যম্ভাবী।
বারাকের বামপন্থি লেবার পার্টি ওলমার্টের কাদিমা পার্টি থেকে বের হয়ে এসে ডানপন্থি বিরোধীদল লিকুদ পার্টির সঙ্গে সরকার গঠনের চিন্তা-ভাবনা করছে বলে জানানো হয় বেতার প্রতিবেদনে।
তালনস্কি মঙ্গলবার জেরুজালেম জেলা আদালতে গত ১৫ বছরে ওলমার্টকে ১ লাখ ৫০ হাজার ডলার ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন। এছাড়াও, তিনি ওলমার্টের প্রশংসা করে বলেন, তিনি এমন একজন মানুষ যিনি ইসরায়েল এবং যে তার সহায়তা প্রত্যাশা করে তার জন্য বড় ধরনের ধরনের চুক্তিও করতে পারেন।
এই ঘুষ মামলায় ওলমার্ট এবং তালানস্কি দুজনই মনে করেন, তারা কোনো ভুল করেননি। ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা এবং সিরিয়ার সঙ্গে পরোক্ষ আলোচনার এমন একটি সময়ে ওলমার্টের বিরুদ্ধে এই ঘুষ মামলা তার রাজনৈতিক অস্তিত্বকে প্রশ্নের সম্মুখীন করেছে।
ওলমার্ট অবশ্য আগেই বলেছেন, এ মামলায় অভিযুক্ত হলে তিনি পদত্যাগ করবেন। কিন্তু ইসরায়েলের প্রধান কৌসুলি মোসে ল্যাডর বলছেন, ওলমার্টের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে কিনা তা আগেভাগেই বলা যাচ্ছে না। পুলিশী তদন্ত শেষেই এ সিদ্ধান্তের ব্যাপারে কিছু বলা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/এফএইচবি/১৭১০ ঘ.
bdnews24