২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ায় হতাশ পশ্চিমা বিশ্ব

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির (৬২) গৃহবন্দিত্বের মেয়াদ আবারও বাড়ায় হতাশা প্রকাশ করেছে পশ্চিমা বিশ্বের দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 07:52 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ইয়াঙ্গুন, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির (৬২) গৃহবন্দিত্বের মেয়াদ আবারও বাড়ায় হতাশা প্রকাশ করেছে পশ্চিমা বিশ্বেও দেশগুলো। প্রসঙ্গত, শান্তিতে নোবেল জয়ী সু চি গত ১৮ বছরের মধ্যে ১২ বছরের বেশি সময় ধরে গৃহবন্দি রয়েছেন। সর্বশেষ গত মঙ্গলবার মিয়ানমারের জান্তা সরকার সু চির আটকাদেশের মেয়াদ বাড়িয়েছে। ওই দিন ছিল তার আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার দিন। সু চি'র বাড়ির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের মঙ্গলবার আটকাদেশ বাড়ার আদেশ পড়ে শোনানো হয়। তবে তার আটকাদেশ এক বছর, না ছয় মাস বাড়ানো হয়েছে তা পরিষ্কার নয়। সু চির আটকাদেশের মেয়াদ বাড়ায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত মিয়ানমারে লাখ লাখ ডলারের সাহায্য সরবরাহের বিষয়টি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে জান্তা সরকারের উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দাতা সংস্থাগুলো রোববার এক সম্মেলনে ঘূর্ণিঝড় নার্গিসে বিধ্বস্ত মিয়ানমারকে পাঁচ কোটি ডলারের সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। এই ঝড়ে মিয়ানমারে অন্তত ১ লাখ ৩৪ হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়াও যারা বেঁচে গেছে তারাও রোগ-ব্যাধির প্রকোপ এবং খাদ্যাভাবের হুমকির মুখে রয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন সু চি'র আটকাদেশের মেয়াদ বাড়ানোয় হতাশা ব্যক্ত করেছেন। তবে তিনি এ নিয়ে কোনো সমালোচনা করেন নি। তিনি বলেন, "যত শিগগির মিয়ানমারে অং সান সু চি এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তত শিগগিরই দেশটি গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার দিকে এগিয়ে যাবে।" একইসঙ্গে তিনি জানিয়েছেন, মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি সু চির বিষয়টি নিয়ে জান্তা সরকারের সঙ্গে আলোচনা করবেন। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সু চির গৃহবন্দিত্বের মেয়াদ বাড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে বুশ মিয়ানমারের ১ হাজারেরও বেশি বন্দি রাজনৈতিক নেতাকে মুক্তি দেওয়ার জন্য জান্তা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সু চির গৃহবন্দিত্ব বাড়ার বিষয়টি মিয়ানমারের ঘূর্ণিঝড় দুর্গতদেরকে মার্কিন সাহায্য দেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। উল্লেখ্য, ১৯৯০ সালের নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি ৮০ ভাগের বেশি ভোট পেয়ে জয়লাভ করে। কিন্তু ১৯৬২ সাল থেকে মিয়ানমারের ক্ষমতায় থাকা সেনাবহিনী তার হাতে ক্ষমতা হস্তান্তর করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৩৩৮ ঘ.