২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের কমপক্ষে দেড়'শ পরমাণু যুদ্ধাস্ত্র আছে: জিমি কার্টার

ইসরায়েরের কমপক্ষে ১৫০ টি পরমাণু যুদ্ধাস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার রোববার একথা বলেছেন। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ইসরায়েলের পরমাণু অস্ত্র বহর বিষয়ে সরাসরি মুখ খুললেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

লন্ডন, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েরের কমপক্ষে ১৫০ টি পরমাণু যুদ্ধাস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার রোববার একথা বলেছেন। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ইসরায়েলের পরমাণু অস্ত্র বহর বিষয়ে সরাসরি মুখ খুললেন। ব্রিটেন সফররত কার্টারকে ওয়েলসে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে, ইরানের পরমাণু হুমকি মোকাবেলায় ভবিষ্যত মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা কি হবে। এর জবাব তিনি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পরমাণু অস্ত্র বহর থেকে বিদ্যমান ঝুঁকির বর্ণনা দিয়ে আলোচনা শুরু করেন। কার্টার বলেন,"যুক্তরাষ্ট্রের ১২ হাজারেরও বেশি পরমাণু অস্ত্র রয়েছে, রাশিয়ারও (সাবেক সোভিয়েত ইউনিয়ন) প্রায় সমান সংখ্যক অস্ত্র আছে, বিট্রেন এবং ফ্রান্সের কয়েক শত এবং ইসরায়েলের ১৫০টি বা তারও বেশি পরমাণু অস্ত্র রয়েছে। আমাদের প্রচুর যুদ্ধাস্ত্র আছে, শুধু যুদ্ধাস্ত্রই নয় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের রকেটও আছে।" ইসরায়েলের পরমাণু অস্ত্রের কথা ব্যাপক ভাবে আলোচিত হলেও দেশটির কর্মকর্তারা কখনোই তাদের পরমাণু অস্ত্র সক্ষমতার কথা স্বীকার করেননি। এমন কি যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে বছরের পর বছর মুখে কুলুপ এঁটে রেখেছে। ওদিকে, শান্তিতে নোবেল বিজয়ী সাবেক এই প্রেসিডেন্ট ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার বিষয়ে ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ দিয়েছেন। তবে, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো ধরনের সমঝোতাকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ব সময়ে এডলফ হিটলারের সঙ্গে সমাঝোতার মতো বলে তুলনা করেছেন। বছরের পর বছর নিষেধাজ্ঞা আরোপ, সামরিক হামলার হুমকিসহ মার্কিন কোনো কৌশলই ইরানকে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে বিরত করতে পারেনি। জিমি কার্টারের বক্তব্যের সমালোচনা করে ইসরায়েলের সাবেক সেনা গোয়েন্দা সংস্থার প্রধান আহারন জিভি-ফারকাশ বলেন, "আমার মনে হয় এ দেশটিতে (ইসরায়েলে) এবং ওই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) তার সর্বশেষ সফরে তিনি এতোটাই অসন্তুষ্ট হয়েছেন যে তিনি চিন্তা করেছেন, তার কাছে যা অযৌক্তিক মনে হয়েছে তা বলে দেওয়াই ভালো।" সাবেক গোয়েন্দা আরও বলেন, "তবে সমস্যা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে যখন ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি প্রতিহত করা নিয়ে আলোচনা হবে তখন অনেকে এই বিবৃতিটি ব্যবহার করতে চাইবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২৫৯ ঘ.