স্টকহোম, মে ২৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক নিয়ে আগামী বৃহস্পতিবার সুইডেনে সম্মেলনে বসছে যুক্তরাষ্ট্র, ইরান ও প্রতিবেশী আরব দেশগুলো। এ সম্মেলনে যুক্তরাষ্ট্র ইরাক সরকারের প্রতি সমর্থন আরও শক্তিশালী করার জন্য আরব দেশগুলোকে উৎসাহিত করবে। এভাবে যুক্তরাষ্ট্র ইরাকে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোরও পথ খুঁজবে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। ইরাকে ৫ বছরব্যাপী যুদ্ধের পর দেশটি পুনর্গঠনে গত বছর গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি মুল্যায়নই সম্মেলনের লক্ষ্য।
মার্কিন কর্মকর্তারা বলছেন, স্টকহোমের ওই সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি কারোরই অংশগ্রহণের শিডিউল নেই। কিন্তু বিশ্লেষকরা ওই সম্মেলনে যোগদানের ব্যাপারে দুজনের মধ্যে কোনো যোগাযোগ হয় কিনা সেদিকে তাকিয়ে আছেন।
সিএনবিসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে রাইস শুক্রবার বলেছেন, " ইরাকে আমরা ঠিক কাজ না করলে, আগেভাগেই ইরাক ছেড়ে চলে এলে তা প্রকারান্তরে ইরানেরই ক্ষমতায়ন করা হবে।"
তিনি আরও বলেন, " আমরা যা আশা করেছিলাম তাই পাচ্ছি: ইরাকে কার্যকর সরকার পত্তন, গণতন্ত্র ও সংহতির পথে সেই সরকারের এগিয়ে যাওয়া, জনগণের নিরাপত্তা বাড়া এসবের মধ্য দিয়ে ইরাক আবার সুসংগঠিত হচ্ছে।"
ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টি জন্য ওয়াশিংটন ইরানকে দোষারোপ করে আসছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।
ইরাকে মালিকি সরকারের হাতকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র এখন সুন্নি আরব দেশগুলোকে চাপ দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৩ঘ.
bdnews24