কাঠমান্ডু, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের রাজধানী কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় সব ধরনের বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, বুধবার নেপালের গণপরিষদের এক বিশেষ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে দেশটির ২৩৯ বছর বয়সী রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হতে পারে। আর এ নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে জন্য দুই দিন আগে রোববার থেকেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে কাঠমান্ডুতে অবস্থিত রাজপ্রাসাদ ও তার চারপাশ, রাজা জ্ঞানেন্দ্রর ব্যক্তিগত বাসভবন ও তার চারপাশ, গণপরিষদের অধিবেশন স্থলের সামনের এলাকা এবং নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনসহ রাজধানীর কৌশলগত এলাকাগুলো।
ধারণা করা হচ্ছে, নেপালের রাজতন্ত্র উচ্ছেদের আন্দোলনে নেতৃত্বদানকারী সাবেক মাওবাদী গেরিলাদের সমর্থকরা রাজতন্ত্রের প্রত্যাশিত বিলুপ্তি উদযাপন করতে বুধবার গণপরিষদের অধিবেশন চলাকালে রাজপথে নেমে আসতে পারে।
রোববার মাওবাদী নেতা দীননাথ শর্মা বলেছেন, "আমরা নেপালের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছি।"
একইসঙ্গে তিনি বলেন, "আমরা আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলোপের দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। কেননা এটা একটা ঐতিহাসিক দিন।"
ওদিকে, রাজতন্ত্রের সমর্থকরা বলছেন, চটজলদি রাজতন্ত্রের বিলোপের সিদ্ধান্ত নেয়া উচিৎ হবে না।
কাঠমান্ডুর প্রধান প্রধান স্থানে জনসমাবেশ নিষিদ্ধ করা বিষয়ে নেপালের শান্তি ও পুনর্গঠন বিষয়ক মন্ত্রী রাম চন্দ্র পোড়েল বলেন, "সব ধরনের উস্কানি নিয়ন্ত্রণ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।"
তিনি বলেন, "যে কেউই এই সংবেদশীল পরিস্থিতির সুযোগ নিয়ে সমস্যা সৃষ্টির চেষ্টা করতে পারে।"
প্রসঙ্গত, নেপালে গত এপ্রিল মাসের নির্বাচনের মাধ্যমে একটি নতুন গণপরিষদ গঠিত হয়েছে। এ গণপরিষদ সংবিধান প্রণয়নের মাধ্যমে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৩০৭ ঘ.
bdnews24