২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিকম্পের বড় পরাঘাত, ৭০ সহস্রাধিক বাড়ি বিধ্বস্ত

চীনে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১৫ দিন পর রোববার নতুন করে আরেকটি বড় ধরনের পরাঘাতে একজন নিহত ও কমপক্ষে ৪০০ মানুষ আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে ৭০ হাজারেরও বেশি ঘরবাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

বেইচুয়ান, চীন, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১৫ দিন পর রোববার নতুন করে আরেকটি বড় ধরনের পরাঘাতে একজন নিহত ও কমপক্ষে ৪০০ মানুষ আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে ৭০ হাজারেরও বেশি ঘরবাড়ি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ৫ দশমিক ৮ মাত্রার এই নতুন ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গুয়াংইয়ানের ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। গত ১২ মে'র ভূমিকম্পে সিচুয়ানের এই এলাকায় দশ হাজারের বেশি মানুষ নিহত হয়। রোববার পরাঘাত অনুভূত হওয়ার সময় আগের ভূমিকম্পে বেড়ে যাওয়া একটি হ্রদের পানি সরিয়ে দেওয়ার জন্য বিস্ফোরক নিয়ে পাহাড়ি দুর্গম পথে পাড়ি দিচ্ছিল শতাধিক সেনা। তানজিসান এলাকার ওই বৃহৎ হ্রদের পানি বেড়ে যাওয়া আশঙ্কা বাড়ছে। কর্তৃপক্ষ চাইছে, হ্রদের পানি সরার একটি পথ ফাটিয়ে দিয়ে পানি কমিয়ে দিতে। তবে এর ফলে বন্যার সৃষ্টি হতে পারে। এ জন্য পূর্ব প্রস্তুতিস্বরূপ হ্রদের আশপাশ থেকে কয়েক হাজার মানুষকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পের পর অনেকগুলো হৃদের পানি বাড়লেও তানজিসান এলাকার হ্রদটির পানি বেড়েছে সবচেয়ে বেশি। সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার আরও প্রায় দুই মিটার বেড়ে পানির উচ্চতা দাড়িয়েছে ৭২৩ মিটার। পানি সম্পদ বিষয়ক ভাইস মিনিস্টার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "তানজিসান হ্রদ এলাকায় ত্রাণ বিতরণও এখন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সেখানে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।" প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও জানিয়েছেন, গত ১২ তারিখের ভূমিকম্পে প্রায় ৮০ হাজার মানুষ নিহত হয়েছে। ওই ভূমিকম্পের পর এখন বন্যা, ভূমিধস, মহামারি ও ঘরবাড়ি হারানো মানুষের আশ্রই প্রধান উদ্বেগের বিষয় বলে তিনি মনে করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২০ ঘ.