২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি বাহিনীর অভিযান যুদ্ধবিরতির জন্য হুমকি: সদরপন্থিরা

ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের অনুসারীরা শনিবার সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, ইরাকি বাহিনীর অভিযান যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মধ্যে ফেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

বাগদাদ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের অনুসারীরা শনিবার সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, ইরাকি বাহিনীর অভিযান যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মধ্যে ফেলবে। সদরপন্থিরা অভিযোগ করেছে, ইরাকি বাহিনী শুক্রবার বাগদাদ ও বসরায় মুসুল্লিদের ওপর হামলা চালিয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় সদরের অনুসারীদের বিচ্ছিন্ন করতে শুক্রবার ইরাকি বাহিনী একটি একটি মসজিদে জুমার নামাজের সময় অভিযান চালায়। এছাড়া বাগদাদের দক্ষিণা-পশ্চিমাঞ্চলীয় এলাকায় প্রায় একই সময়ে অভিযান চালিয়ে নিরাপত্তাবাহিনী সদরের কয়েকশ' অনুসারীকে গ্রেপ্তার করে। সদরের রাজনৈতিক দলের কর্মকর্তারা শনিবার অভিযোগ করেন, পুলিশ দক্ষিণ পশ্চিম বাগদাদের আমিল জেলার একটি মসজিদে অভিযান চালায়। এ সময় জুমার নামাজের মধ্যে মসজিদের ভেতর ও বাইরে থেকে প্রায় চারশ' মুসুল্লিকে গ্রেপ্তার করা হয়। ওই মসজিদটি সদরের আঞ্চলিক অফিস হিসেবে ব্যবহার করা হয়। এদিকে বসরায় সদরপন্থিরা জানিয়েছে, মুসুল্লিরা একটি ফাঁকা জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করলে ইরাকি বাহিনী গুলি চালায়। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়। তবে পুলিশ জানিয়েছে, উপস্থিতরা বেআইনিভাবে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। এতে কেউ নিহত হয়নি। তবে ছয়জন আহত হয়েছে। গত ১০ মে ইরাকে যুদ্ধবিরতিতে রাজি হয় সরকার ও প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল সদরপন্থি গ্র"পগুলো। কর্মকর্তারা আশা করছেন এর ফলে বাগদাদের পূর্বাঞ্চলে নিরাপত্তাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ বন্ধ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২০০ ঘ.