ইংজিউ, চীন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ মহাসচিব বান কি মুন শনিবার চীনের ভূমিকম্পে বিধ্বস্ত সিচুয়ান প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। একইদিন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও জানিয়েছেন, ১২ মে'র ভূমিকম্পে ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং এ সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
এর আগে গত শুক্রবার চীন জানায়, চীনে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্করী ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে এবং প্রায় ২৫ হাজার লোক নিখোঁজ রয়েছে। এছাড়া ভূমিকম্প আঘাত হানার প্রায় দুই সপ্তাহ বাদে কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে।
শনিবার জাতিসংঘ মহাসচিব বান একটি হেলিকপ্টারে করে সিচুয়ান প্রদেশের ইংজিউ শহরে পৌঁছান। এ শহরে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বানের সাক্ষাৎ হয়।
প্রসঙ্গত, ৭ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সিচুয়ান প্রদেশের ইংজিউ নামের এ ছোট শহরটি। এখানকার দুই তৃতীয়াংশ বাসিন্দা মারা যায় এবং এখানে এখন আর এমন কোনো ভবন দাঁড়িয়ে নেই যেখানে কেউ নিরাপদে থাকতে পারে।
সফরে বান ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় চীনা প্রধানমন্ত্রী ওয়েন ও তার সরকারের নেতৃত্বর ব্যাপক প্রশংসা করেন। একইসঙ্গে বান চীনের এ দুর্যোগ মোকাবেলায় জাতিসংঘের পূর্ণ সহযোগিতারও অঙ্গীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪১৩ ঘ.
bdnews24