জাতিসংঘ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে শান্তি ও স্থিতিশীলতা আনা এবং দেশটি পুনর্গঠনের অগ্রগতি পর্যালোচনার জাতিসংঘ বৈঠকে যোগ দেবে ইরান ও সিরিয়া। সুইডেনের রাজধানী স্টকহোমে আগামী সপ্তাহে মন্ত্রী পর্যায়ের এ বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার জাতিসংঘ কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ইরাকে মার্কিন আগ্রসানের পাঁচ বছর পর দেশটির পুনর্গঠন নিয়ে সুইডেনে জাতিসংঘের ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
জাতিসংঘের কর্মকর্তারা রয়টার্সকে জানান, বৈঠকে আমন্ত্রিত অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচের মোত্তাকিও ওই বৈঠকে অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সিরিয়া বৈঠকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য সুইডেনে নিয়োজিত রাষ্ট্রদূতকে পাঠাচ্ছে।
যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরেই ইরাকের বিদ্রোহীদের অস্ত্র সহায়তা এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য ইরানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। এছাড়াও সিরিয়া মার্কিন বিরোধী বিদ্রোহীরে মদদ দিচ্ছে এবং সীমান্ত দিয়ে বিদ্রোহী এবং অস্ত্র প্রবেশের অনুমতি দিচ্ছে বলেও অভিযোগ করে থাকে দেশটি।
তবে উভয় দেশই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
জাতিসংঘের ওই বৈঠক আয়োজনে সহায়তা করছে সুইডেনের সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৫৯ ঘ.
bdnews24