জাতিসংঘ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাতারের মধ্যস্থতায় লেবানন সরকার ও হিযবুল্লাহর দোহা শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওই চুক্তি মধ্যপ্রাচ্যকে একটি নতুন গৃহযুদ্ধ থেকে মুক্তি দিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে ওই চুক্তিকে সর্বাত্মক সমর্থন দেওয়ারও ঘোষণা দিয়েছে তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ একথা জানায়।
নিরাপত্তা পরিষদ জানায়, "দোহায় তারা যে চুক্তিতে পৌঁছেছে তাকে আমরা স্বগত জানাই, এই চুক্তি লেবাননের সংকট মোকাবেলায় একটা প্রয়োজনীয় পদক্ষেপ এবং এর মাধ্যমে লেবাননে স্বাভাবিক জীবন যাত্রা ফিরে আসবে সেইসঙ্গে লেবাননে একতা ও স্থিতিশীলতা আসবে।"
নিরাপত্তা পরিষদের 'বাধ্যবাধকতাহীন' ওই বিবৃতিতে দু'পক্ষকেই চুক্তি মোতাবেক কাজ করার আহ্বান জানানো হয়েছে। লেবানন নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে অনৈক্য থাকলেও ১৫টি সদস্য দেশই এ বিবৃতিতে পূর্ণ সমর্থন জানিয়েছে।
বুধবার কাতারের রাজধানী দোহায় ১৮ মাসের রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য লেবাননের জোট সরকার এবং হিযবুল্লাহ'র মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। টানা ছয় দিনের বৈঠক শেষে তারা সমঝোতায় পৌঁছে। ওই চুক্তির ফলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে এবং প্রেসিডেন্ট নির্বাচনের একটি পন্থা তৈরী হয়েছে।
জাতিসংঘে নিয়োজিত ব্রিটিশ রাষ্ট্রদূত এবং নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট জন সওয়ার্স সাংবাদিকদের বলেন, নিরাপত্তা পরিষদ মনে করছে "ওই চুক্তি বৈরুতে দীর্ঘ দিন ধরে চলতে থাকা বিরোধ ও সহিংসতার অবসান ঘটাবে।"
নিরাপত্তা পরিষদের ওই বিবৃতিতে লেবাননের সব আধা সামরিক বাহিনীকে নিরস্ত্র করার পরামর্শ দেয়া হলেও সেখানে হিযবুল্লাহ'র নাম উল্লেখ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৪৬ ঘ.
bdnews24