ওয়াশিংটন, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী বিদ্রোহীদের সঙ্গে কোনো ধরনের চুক্তি বা আলোচনা তাদের পাকিস্তান বা অন্য কোনো দেশে হামলার ষড়যন্ত্রের সুযোগ করে দেওয়ার সামিল হবে বলে মঙ্গলবার দেশটিকে সতর্র্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
পাকিস্তানের নবনির্বাচিত বেসামরিক সরকারের সঙ্গে বিদ্রোহীদের এ ধরনের সম্ভাব্য চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। বুশ প্রশাসন মনে করছে পাকিস্তান সরকারের সঙ্গে বিদ্রোহীদের কোনো ধরনের চুক্তির ফলে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের অবাধ বিচরণক্ষেত্র সৃষ্টি হবে।
আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন আগ্রাসনের পর অনেক তালেবান এবং আল কায়েদা নেতা পাকিস্তানের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্থানে আশ্রয় নিয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র।
ওয়াজিরিস্তান অঞ্চলে সরকারের প্রতিনিধি ও আদিবাসী গোষ্ঠীপতিদের সহায়তায় শাসিত অঞ্চল বা 'ফেডারেলি এডমিনিসটার্ড ট্রাইবাল এরিয়া' - এফএটিএ তে ওই সব আল কায়েদা ও তালেবান যোদ্ধারা অবস্থান নিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
ধারণা করা হচ্ছে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার মূল হোতা ওসামা বিন লাদেন পাকিস্তান-আফগান সীমান্তের কোথাও লুকিয়ে আছেন।
ওদিকে কংগ্রেসের শুনানিতে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী জন নিগ্রোপন্টে পাকিস্তান সরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তির সম্ভাব্যতা তার সরকারের শঙ্কার কথা জনিয়েছেন।
এর আগে ২০০৬ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বিদ্রোহীদের ছেড়ে দেওয়ার বিষয়ে একটা চুক্তি করেছিল।
নিগ্রোপন্টে বলেন, "আমরা কি পাকিস্তানের সরকারের সঙ্গে চরমপন্থীদের সম্ভাব্য চুক্তির বা আলোচনার বিষয়ে উদ্বিগ্ন হচ্ছি...হ্যাঁ।"
তিনি আরও বলেন, "আমি প্রত্যাশা করছি তারা চুক্তির মাধ্যমে চরমপন্থীদের এফএটিএ অঞ্চল ব্যবহার করে পাকিস্তান, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র বা বিশ্বের অন্য কোনো স্থানে হামলা করার সক্ষমতা অর্জনের সুযোগ প্রদান করবে না।"
একইসঙ্গে তিনি বলেন, "সেখানে প্রচন্ড ঝুঁকি রয়েছে এবং আমরা সে বিষয়টি বারবারই স্মরণ করিয়ে দিচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪২৭ ঘ.
bdnews24