বেইচুয়ান, চীন, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে সোমবার থেকে তিনদিনের শোক পালন শুরু হয়েছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩২ হাজারে। চীনজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের জন্য তিনমিনিট নীরবতা পালন করাসহ বন্ধ রাখা হয়েছে সমস্ত বিনোদনমূলক কর্মকাণ্ড, অর্ধনমিত রাখা হয়েছে পতাকা। সরকার একথা জানিয়েছে।
ভূমিকম্পে নিহতদের স্মরণে সরকার রোববার তিনদিন শোক পালনের ঘোষণা দেয়। এই তিনদিনের জন্য বন্ধ থাকবে অলিম্পিকের মশাল যাত্রাও।
টেলিভিশন, সংবাদপত্রেও রয়েছে শোকের চিহ্ন। টেলিভিশনের কলাকুশলীরা পরেছেন শোকের কালো পোশাক। ওদিকে, সংবাদপত্রগুলোতেও ছাপা হচ্ছে রঙহীন সাদাকালো ছবি।
গত সপ্তাহের সোমবার ঠিক যে সময়টিতে ভূমিকম্প আঘাত হেনেছিল এই সোমবারেও ঠিক ওই সময়টিতে দু:খের প্রতীক হিসাবে বাজানো হবে সাইরেন, কার ট্রেন এবং জাহাজের হর্ন। সাংহাই সেঝেনসহ আরও অনেক প্রদেশের স্টক এক্সচেঞ্জ ও অন্যান্য বাণিজ্য ওই মুহূর্তে তিনমিনিটের জন্য বন্ধ রাখা হবে।
সোমবার শোক পালনের প্রথম দিনে বেইজিংয়ের কেন্দ্রস্থলে তিয়েনআনমেন স্কয়ারে নিহতদের স্মরণ অনুষ্ঠানের পর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
অনুষ্ঠান দেখতে আসা লি জিয়ানজেং এর উক্তি, আমি দু:খভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি। আমি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দু:খ এবং উদ্ধারকাজে নিয়োজিত সেনাদের কষ্ট অনুভব করতে পারি।
চীনে গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩২ হাজারে।
এছাড়াও রোববার সিচুয়ানে ভূমিকম্পের আরও একটি পরাঘাত অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রোববার সকালে ৬ দশমিক ১ মাত্রার ওই পরাঘাতের কেন্দ্র ছিল গুয়ানগায়ানের ৮০ কিলোমিটার পশ্চিমে। তবে এতে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া।
ভূমিকম্প বিধ্বস্ত সিচুয়ান প্রদেশে ধসে পড়া দালানকোঠার নীচ থেকে শনিবার আরও ৬০ জনকে জীবিত উদ্ধারে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।
তবে সেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকা প্রায় ১০,০০০ মানুষকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নতুন পরাঘাতটির কেন্দ্র থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের প্রাদেশিক রাজধানী চেংডুতেও দালানকোঠা কেঁপে ওঠে এবং মানুষজন দৌড়ে রাস্তায় নেমে আসে। তবে ক্ষতিগ্রস্ত এলাকার অদূরে অবস্থিত পরমাণু স্থাপনাগুলো নিরাপদ রয়েছে বলে জানানো হয়েছে। চীনের প্রধান পরমাণু অস্ত্র গবেষণাগারটিও এখানে অবস্থিত।
ওদিকে, গত সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকার একটি হ্রদের তীর ভেঙে পড়ার আশঙ্কায় শনিবার মানুষজনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরপর হাজার হাজার লোক ওই এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে। উদ্ধারকর্মীসহ স্থানীয় জনগণকে এলাকা থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।
হংকংয়ের একটি টেলিভিশন জানিয়েছে, পানি বাড়ার কারণে হ্রদের তীর ভেঙে পড়ার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় বেইচুয়ানের ৯০ কিলোমিটার উত্তর-পূর্বের কুইংচুয়ান এলাকা থেকে কমপক্ষে ১২ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
১৯৭৬ সালের পর চীনে এটিই সবচেয়ে বড় ভূমিকম্প। ওই বছর চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছিল প্রায় ৩,০০,০০০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমডি/১০৫৭ ঘ.
bdnews24