২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাত খাওয়া কমিয়ে দিচ্ছে এশীয়রা

এ বছর অনেক কারণেই চালের দাম বেড়েছে। কিন্তু অন্য সব পণ্যের মতো চালের দাম বাড়ার পেছনে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ চীন ও ভারতের ক্রমবর্ধমান চাহিদা প্রভাব ফেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

বেইজিং/নয়াদিল্লি, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ বছর অনেক কারণেই চালের দাম বেড়েছে। কিন্তু অন্য সব পণ্যের মতো চালের দাম বাড়ার পেছনে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ চীন ও ভারতের ক্রমবর্ধমান চাহিদা প্রভাব ফেলেনি। দ্রুত বিকাশমান এশীয় মধ্যবিত্ত শ্রেণীর খাদ্যাভ্যাসও দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং তাদের পাতে ভাতের চেয়ে পাস্তা-বার্গার-রকমারি মাংসের কারিই বেশী জায়গা দখল করে নিচ্ছে। তাই এশীয়দের চাহিদা বাড়ার সঙ্গে চালের দাম বাড়ার সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চীন ও ভারতে বসবাসকারী এক-তৃতীয়াংশ মানুষ বিশ্বের মোট উৎপাদিত চালের অর্ধেকটা খায়। কিন্তু এ দেশদুটি নিজেদের চাহিদার চেয়ে বেশি পরিমাণ চাল উৎপাদন করে। অন্যদিকে, আয়বৃদ্ধির পাশাপাশি এসব দেশের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসছে এবং দেশদুটিতে চালের চাহিদা হ্্রাস পেয়েছে। ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে চীনে জনপ্রতি চালের চাহিদা কমেছে প্রায় ১০ শতাংশ। জনসংখ্যা বাড়া সত্ত্বেও দেশটির মোট চাহিদা ১৩৫ দশমিক ৫ মিলিয়ন থেকে কমে ১২৭ মিলিয়নে নেমে এসেছে। অবশ্য এরপরও তা বিশ্বের মোট চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ। তবে চীন নিজেই তার সম্পূর্ণ চাহিদার চেয়েও বেশি পরিমাণে চাল উৎপাদন করে। জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় এসব তথ্য জানিয়েছে। অন্যদিকে, ভারতে গত দশ বছরে জনপ্রতি চালের চাহিদা কমেছে প্রায় ৭ শতাংশ। দেশটির ব্যবসায়ী নেতারা একথা জানান। ভারতে চালের চাহিদা কমা সম্পর্কে 'অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স এসোসিয়েশন' এর সভাপতি বিজয় শেঠী বলেন, " মানুষ ঘরের তুলনায় বাইরে খাওয়ার প্রতি বেশি পয়সা খরচ করছে এবং পিজা, বার্গার জাতীয় খাবারের দোকানে ভীড় করছে। আগে এমনটা ছিল না। এখন প্রতি পাড়ার মোড়েই একটা রেস্তোরাঁ আছে।" চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের জনপুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক চাই ওয়েঝং বলেন, "মানুষ বেশি পরিমাণে অর্থ উপার্জন করছে এবং নানা সুস্বাদু খাবার খাওয়ার দিকে ঝুঁকছে।" তিনি আরও বলেন, "অনেক মানুষই এখন মনে করছে যে, মাংস এবং সবজি বেশি সুস্বাদু ও স্বাস্থ্যকর এবং এরকম অনেকেই ভাতের বদলে বেশি করে এসব খাবার খাচ্ছে।" এশিয়ায় জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশগুলোর শিল্পায়নের ফলে যে ধারার সৃষ্টি হয়েছে চীন ও ভারতেও সেই একই ধারা লক্ষ্য করা যাচ্ছে। অবশ্য জাপানের সঙ্গে তুলনায় চীন ও ভারত এখনও চালের অনেক বড় ভোক্তা। গত চার দশকে জাপানের জনপ্রতি চালের ভোগ প্রায় অর্ধেকটা কমে মাত্র ৬০ কিলোগ্রামে দাঁড়িয়েছে। কিন্তু ২০০৭ সালে চীনে এ হার ছিল ৯৬ দশমিক ১ কিলোগ্রাম এবং ভারতে ৮১ দশমিক ১ কিলোগ্রাম। অন্যদিকে তাইওয়ানে এ হার কমে তা নেমে গেছে মাত্র ৫০ কিলোগ্রামে। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য চাহিদা বাড়তে থাকলেও চীন, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামে চালের চাহিদা আরও কমে আসার পর্যাপ্ত সম্ভবনা রয়েছে। এ দেশগুলো এখন বিশ্বের মোট চালের দুই-তৃতীয়াংশ ভোগ করে থাকে। কিন্তু, চালের বড় ভোক্তা দেশগুলোতে চাহিদা কমতে থাকলেও ভাবিষ্যতে চালের আরও মারাত্মক সংকট সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণ আছে। কেননা, উৎপাদক দেশগুলোতে ধানী জমি কমে যাচ্ছে, ফলন যথেষ্ট পরিমাণ বাড়ছে না, জলবায়ু পরিবর্তনের কারণে আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একইসঙ্গে বিশ্ব বাজারের নতুন চাহিদা সৃষ্টির কারণে ধানের পরিবর্তে অন্য ফসল চাষের প্রতিও ঝুঁকছে কৃষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৫৯ ঘ.