কলাম্বাস, ওহাইয়ো, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইন বৃহস্পতিবার বলেছেন, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র চার বছরের মধ্যে ইরাক যুদ্ধে জয়ী হতে পারে। এ সময়ের মধ্যে দেশটিতে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেখান থেকে অধিকাংশ মার্কিন সেনা প্রত্যাহার সম্ভব বলে তিনি জানিয়েছেন।
অ্যারিজোনার সিনেটর ম্যাককেইনের সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা বা হিলারি ক্লিনটন উভয়ই ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার চাইছেন। তারা ম্যাককেইনের নীতিকে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইরাক নীতির সঙ্গে তুলনা করছেন।
এছাড়াও ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থীরা অভিযোগ করছেন ম্যাককেইন চাইছেন যুক্তরাষ্ট্রকে আগামী ১০০ বছর ইরাকের সঙ্গে জড়িত রাখতে।
ম্যাককেইন জানিয়েছেন, ইরাকে দীর্ঘমেয়াদী মার্কিন সেনা অবস্থানের উদ্দেশ্য হতে হবে ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা। তিনি ইরাকে মার্কিন সেনা উপস্থিতিকে জাপান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির সঙ্গে তুলনা করেছেন।
আগামী নভেম্বরের নির্বাচনে জিতলে ম্যাককেইন নিজের দলের প্রেসিডেন্ট বুশের স্থলাভিষিক্ত হবেন। তিনি প্রথম চার বছর মেয়াদে কি করতে পারেন তার একটা সম্ভাব্য বর্ণনাও দিয়েছেন।
ওয়াইয়ো অঙ্গরাজ্যের কলাম্বাসে ম্যাককেইন বলেন, "২০১৩ সালের জানুয়ারির মধ্যে ইরাক থেকে অধিকাংশ সেনা দেশে ফিরে আসবে।"
তিনি আরও বলেন, "এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধে জয়ী হবে। ইরাকে তখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যদিও কয়েক দশকের স্বৈরশাসনের প্রভাব তখনও থেকে যাবে এবং শতবর্ষব্যাপী জাতিগত বিদ্বেষ তাদের পিছু ছাড়বে না। সহিংসতাও কিছু থাকবে, তবে বর্তমানের চেয়ে অনেক কম।"
ম্যাককেইন আরও বলেন, "ইরাকে মার্কিন সেনার উপস্থিতি থাকলেও তাদের সরাসারি যুদ্ধে অংশ নিতে হবে না। কেননা আইন-সৃংখলা রক্ষায় ইরাকি বাহিনী সক্ষম হবে উঠবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০০ ঘ.
bdnews24