২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে উদ্ধার তৎপরতা জোরদার, আশা তবুও ক্ষীণ

ভূমিকম্প দূর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে চীন। নতুন করে পাঠানো হয়েছে আরেক দফা হেলিকপ্টার ও ত্রাণ। তারপরও অগণিত বাস্তুচ্যুত মানুষের জন্য ত্রাণ সরবরাহের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলিার আশা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 05:32 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

দুজাইয়াঙ্গুন, চীন, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভূমিকম্প দূর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে চীন। নতুন করে পাঠানো হয়েছে আরেক দফা হেলিকপ্টার ও ত্রাণ। তারপরও অগণিত বাস্তুচ্যুত মানুষের জন্য ত্রাণ সরবরাহের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলিার আশা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। দুজাইয়াঙ্গুন ও অন্যান্য দুর্গত এলাকায় বহু অধিবাসী অস্থায়ী তাঁবুতে কিংবা তাঁবুর বাইরে রাত কাটাচ্ছে। আরও ভূকম্পন এবং ঘরবাড়ি ধ্বসে পড়ার আতঙ্কে কাটছে তাদের দিন। দুজাইয়াঙ্গুনের ভূমিকম্প দুর্গতদের মধ্যে লিক্সাই নামক একজনের উক্তি, "এক মিনিটেই উড়ে গেল গোটা নগরী। কখনও কল্পনাও করিনি এমনটি হবে।" সিচুয়ান প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে রাসায়নিক দ্রব্য ছড়িয়ে পড়া এবং বাঁধ ভেঙে পড়ার গুজবে আতঙ্ক ছড়ানোর কারণে চীনের কমিউনিস্ট পার্টির নেতারা কর্মকর্তাদের সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বলেছেন। সরকার উদ্ধারকাজের জন্য নতুন করে অতিরিক্ত সেনা এবং ১শ'রও বেশি হেলিকপ্টার ইতোমধ্যেই দুর্গত এলাকায় পাঠিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে এখনও টেনে বের করছে মৃতদেহ। তারপর আত্মীয়স্বজনদের আহাজারির মধ্য দিয়ে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মর্গে। উদ্ধারকর্মীরা এতটাই ব্যস্ত যে একটি স্কুলে চাপা পড়া ৩০০ শিশুর মৃতদেহ উদ্ধাবে নোটিশ টাঙিয়ে তা খোঁজ করতে বলা হচ্ছে তাদের বাবা মাদেরকেই। ওদিকে, ভূমিকম্পে বেঁচে যাওয়ারা এখন রয়েছে তীব্র খাবার ও পানির সঙ্কটে। বৃহস্পতিবার থেকে এর সঙ্গে যোগ হয়েছে স্যানিটেশন সঙ্কট। সিনহুয়া বার্তা সংস্থার স্থনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সিচুয়ানের ছোট্ট শহর শিফাং এ রয়েছে প্রায় ৩০ হাজার গ্রাম। এগুলোতে অধিবাসীর সংখ্যা প্রায় ৪৩০,০০০। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না অথবা তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১১৫ ঘ.