মিশিগান, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জন এডওয়ার্ডস বুধবার হোয়াইট হাউসের লড়াইয়ে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বারাক ওবামাকে সমর্থন দিয়েছেন। এতে করে হোয়াইট হাউস জয়ের লড়াইয়ে দলকে সুসংগঠিত করার চেষ্টায় ওবামার হাত আরও শক্তিশালী হল।
২০০৪ সালের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জন এডওয়ার্ডস এর মন জয়ের চেষ্টা করে আসছিলেন ওবামা এবং প্রতিদ্বন্দ্বী হিলারি দুজনই। কিন্তু দুজনের মধ্যে ওবামাকেই সমর্থন দিয়েছেন এডওয়ার্ডস।
মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে ওবামার সঙ্গে এক র্যালিতে যোগ দিয়ে এডওয়ার্ডস বলেন, "আমেরিকার ডেমোক্র্যাটিক ভোটাররা তাদের পছন্দ জানিয়েছে। আর সেজন্যই আজ আমি এখানে এসেছি।"
ওবামা সম্পর্কে এডওয়ার্ডস বলেন, "একজন মানুষই আছেন যিনি মনে প্রাণে বিশ্বাস করেন, দুই না, এক আমেরিকা গড়ার এটাই সময়। আর সে মানুষটিই হচ্ছেন ওবামা।"
এডওয়ার্ডসের দীর্ঘপ্রতিক্ষীত এই সমর্থনে ম্লান হয়ে গেল ওয়েস্ট ভার্জিনিয়াতে ওবামার তুলনায় হিলারির ৪১ শতাংশ বেশি ভোটের বিশাল জয়। বুধবার এডওয়ার্ডস ছাড়াও আরও ৪ জন সুপার ডেলিগেটের সমর্থন পেয়েছেন ওবামা।
এডওয়ার্ডস হিলারির দৃঢ়প্রত্যয় এবং চরিত্রের প্রশংসা করেছেন। তবে তিনি বলেন, "ম্যাককেইনের বিরুদ্ধে লড়তে ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯৩৪ঘ.
bdnews24