বেইজিং, চীন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনে গত সোমবারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৫ হাজারে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে।
সংবাদ সংস্থা সিনহুয়া বুধবার ১৪,৮৬৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এছাড়া এখনো অসংখ্য মানুষ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার সিনহুয়া জানিয়েছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থলে মিয়ানইয়াং শহরেই মাটির নিচে চাপা পড়েছে ১৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে সেখানে ৩,৬২৯ জনের মৃত্যর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।
গত সোমবার বিকালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা চীন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিচুয়ান প্রদেশের পার্বত্যাঞ্চল। এর কম্পন অনুভূত হয় সুদূর থাইল্যান্ডেও।
বেসামরিক প্রশাসন বিষয়ক মন্ত্রণালয়ের দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ কর্মকর্তা ওয়াং ঝেনাইয়ো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "আমাদের প্রথম দায়িত্ব্ হচ্ছে মানুষের জীবন বাঁচানো। যতক্ষণ সামান্য আশা আছে, তাদের রক্ষা করতে আমরা চেষ্টা করে যাব।"
এই মুহূর্তে দুর্গত এলাকায় ভূমি-ধ্বসের আশঙ্কাই জীবিত মানুষের এবং উদ্ধার তৎপরতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে তিনি জানান।
১৯৭৬ সালের পর চীনে এটিই সবচে বড় ধরনের ভূমিকম্প। ওই বছর চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছিল ৩,০০,০০০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৩০ ঘ.
bdnews24