ওয়াশিংটন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ওয়েস্ট ভার্জির্নিয়ার প্রাইমারিতে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামাকে পেছনে ফেলে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। ইতোমধ্যেই গোনা আংশিক ভোটের ফলে দেখা গেছে, ওবামার চেয়ে ৩৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন হিলারি । কিন্তু ওবামার জয়রথ থামাতে হিলারির এই জয় এখনও যথেষ্ট নয় বলেই মনে করা হচ্ছে।
ওয়েস্ট ভার্জিনিয়ায় ভোটের আগে এখানে পরিচালিত জনমত জরিপেও ওবামার তুলনায় হিলারি এগিয়ে ছিলেন। কিন্তু এতদিন ধরে চলে আসা বিভিন্ন প্রাইমারিতে ওবামার জয় স্পষ্ট। তার প্রতি জনসমর্থন এখনও বাড়ছে। একারণে সংবাদদাতাদের ভাষ্য, ওয়েস্ট ভার্জিনিয়ায় হিলারির বিশাল জয় সত্ত্বেও ওবামার জয়রথ থেমে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
বিভিন্ন প্রাইমারি এবং ককাসে এ পর্যন্ত ওবামাই ডেলিগেটদের সমর্থন পেয়েছেন বেশি। কিন্তু হিলারি ৩ জুন সব প্রাইমারি শেষ না হওয়া পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে না দাঁড়ানোর অঙ্গীকার করেছেন।
ওয়েস্ট ভার্জিনিয়ায় বিশাল জয়লাভের পর চার্লস্টোনে হিলারি বলেন, "আমি লড়াই চালিয়ে যেতে আগের যে কোনো সময়ের চেয়ে এখন আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেকের মতামত না পাওয়া পর্যন্ত আমার এই লড়াই চলবে।"
তিনি আরও বলেন, "প্রতিযোগিতা এখনও শেষ হয়নি। জয়লাভের জন্য প্রয়োজনীয় সব ডেলিগেটদের ভোট আমাদের কেউই এখনও পায়নি।"
তিনি বলেন, "আমি এই নির্বাচনে আমরা কোন পর্যায়ে আছি তা ভালো করে ভেবে দেখার জন্য জনগণকে অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে নভেম্বরে আমরা কিভাবে জিততে পারি সে বিষয়টি ভেবে দেখতে।"
ওয়েস্ট ভার্জিনিয়ায় ভোট শেষের পর ওবামা জনসম্মুখে আসেননি। তবে তিনি মোবাইল ফোনে হিলারিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওবামার প্রচারাভিযান পরিচালনাকারী মুখপাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০০০ঘ.
bdnews24