২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জোট সরকার বাঁচাতে শেষ চেষ্টার আহ্বান গিলানির

পাকিস্তানে জোট সরকার বাঁচাতে মঙ্গলবার শেষ চেষ্টায় নামার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। কোয়ালিশন শরীক নওয়াজের দলের মন্ত্রীদের পদত্যাগপত্র নিতে অস্বীকৃতি জানানোর পর গিলানি এই আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 03:35 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ইসলামাবাদ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে জোট সরকার বাঁচাতে মঙ্গলবার শেষ চেষ্টায় নামার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। কোয়ালিশন শরীক নওয়াজের দলের মন্ত্রীদের পদত্যাগপত্র নিতে অস্বীকৃতি জানানোর পর গিলানি এই আহ্বান জানান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সোমবার মন্ত্রীসভা থেকে তার দলের সদস্যদের পদত্যাগের ঘোষণা দেন। পাকিস্তানের ৪ দলীয় জোট সরকারে দ্বিতীয় বৃহত্তম দল পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)। বরখাস্ত বিচারকদের অবিলম্বে স্বপদে পুনর্বহালের বিষয়টি নিয়ে সরকারের শরীকদের সঙ্গে অচলবস্থা নিরসনে ব্যর্থ হয়ে নওয়াজ সরকার থেকে বেরিয়ে আসার ওই ঘোষণা দেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ম্বামী আসিফ আলী জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান জোট সরকারে যোগ দেওয়ার পূর্বশর্ত হিসাবে নওয়াজ ৬০ জন বরখাস্ত বিচারককে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছিলেন। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ নভেম্বরে জরুরি অবস্থার মধ্যে ওই বিচারকদের বরখাস্ত করেন। জারদারি চান বিচারকদের স্বপদে পুনর্বহাল সাংবিধানিক পরিবর্তনের মধ্য দিয়ে হোক। কিন্তু নওয়াজ চাইছেন বিনাশর্তে বিচারকদের পুনর্বহাল করা হোক। নওয়াজের ওই দাবি নিয়ে লন্ডনে তার সঙ্গে পিপিপি প্রধান জারদারির তিনদিন ব্যাপী আলোচনা রোববার কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এরপর এক সংবাদ সম্মেলনে নওয়াজ সরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করেন। অর্থমন্ত্রী ইসহাক দ্বারসহ শরীফের দলের ৯ মন্ত্রী মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। কিন্তু গিলানি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। নওয়াজের সহযোগীদের গিলানি বলেন, "আসুন আমরা শেষ মুহূর্তের চেষ্টা চালাই। যাতে করে সমস্যার কোনো সমাধান বেরিয়ে আসে।" গিলানির এই আহ্বান পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি মন্ত্রীসভার ২৪ জন মন্ত্রীর মধ্যে ৯ জনই পিএমএল-এন এর। এর মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী ইসহাক দ্বার। অর্থনৈতিক সমস্যা জর্জরিত পাকিস্তানে আগামী কয়েকদিনের মধ্যেই বার্ষিক বাজেট পেশ করার কথা তার। নওয়াজ অবশ্য বলেছেন, মন্ত্রীসভা থেকে বেরিয়ে গেলেও তিনি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকারকে সমর্থন দিয়ে যাবেন। নওয়াজ বলেন, কিছু সময়ের জন্য আমরা বিরোধীদলে বসছি না। জুনে উপনির্বাচনের জন্য নওয়াজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। কমনওয়েলথ পাকিস্তানকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার দিনেই নওয়াজ সরকার থেকে বেরিয়ে আসার ওই সিদ্ধান্ত জানান। প্রেসিডেন্ট মুশাররফ নভেম্বরে দেশে জরুরি অবস্থা জারির পর কমনওয়েলথ পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছিল। সাবেক সরকারের মন্ত্রী ও রাজনৈতিক বিশ্লেষক শাফকাত মাহমুদ নওয়াজের সিদ্ধান্তকে 'পাকিস্তানের জন্য দু:খের দিন' বলে অভিহিত করেন। তিনি বলেন, দেশের জনগণ চেয়েছিল এই জোট সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে এবং বিচারবিভাগকে সক্রিয় করে মুশাররফকে হটিয়ে দিক। কিন্তু সরকারে এই বিভক্তি অনেককেই নিরাশ করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পশ্চিমা মিত্ররাও এ পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৭ঘ.