বেইজিং, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের সিচুয়ান প্রদেশের ভয়ঙ্কর ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানি হলেও বেঁচে গেছে চেংডু গবেষণা কেন্দ্রের বড় আকৃতির ৬০টি পান্ডা। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া মঙ্গলবার একথা জানিয়েছে। সিচুয়ান এর আশপাশের অঞ্চল বিলুপ্তপ্রায় এ পান্ডাদের আবাসস্থল হিসেবে বিখ্যাত।
চেংডুর পান্ডারা বেঁচে গেলেও সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত ওলং গবেষণা কেন্দ্রের পান্ডাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি।
সিচুয়ান প্রদেশের ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা কমপক্ষে ১০ হাজার। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশাল আকৃতির ওই পান্ডাগুলো শুধু চীনে পাওয়া যায় এবং এরা বিশ্বে বিপন্ন প্রায় বন্যপ্রাণীগুলোর একটি। বিশ্বব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের একটি প্রতীকে পরিণত হয়েছে এই পান্ডা। এছাড়াও আগষ্টে অনুষ্ঠেয় বেইজিং অলিম্পিক গেমস এর মাসকাট করা হয়েছে এই পান্ডাকে।
এক হিসেব অনুযায়ী সিচুয়ান এবং পাশ্ববর্তী গাংসু এবং শানজি প্রদেশের সংরক্ষিত এলাকায় প্রায় ১ হাজার ৬ শ' পান্ডা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬০৪ ঘ.
bdnews24