ওয়াশিংটন, মে ১৩ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের রেকর্ড পরিমাণ কম জনপ্রিয়তার মধ্যেও শক্তিশালী প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে আছেন রিপাবলিকান দল থেকে মনোনীত জন ম্যাককেইন। ওয়াশিংটন পোস্ট-এবিসি'র নতুন জরিপে সোমবার একথা বলা হয়েছে।
জরিপে বলা হয়েছে, অজনপ্রিয় ইরাক যুদ্ধ এবং অর্থনেতিক মন্দার কারণে বুশের জনপ্রিয়তায় রেকর্ড পরিমাণ ধ্বস নেমে তা ৩১ শতাংশে দাঁড়িয়েছে ।
৮২ শতাংশ মার্কিনিই এখন মনে করছে যুক্তরাষ্ট্র ভুল পথে পরিচালিত হচ্ছে। এ হার গত বছরের চেয়ে ১০ পয়েন্ট বেশি। এক তৃতীয়াংশ ভোটারই এবার ভোটের মূল ইস্যু হিসাবে প্রাধান্য দিচ্ছে অর্থনীতি এবং কর্মসংস্থানকে।
জরিপে দেখা গেছে, রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটরা সামগ্রিকভাবে জনসমর্থনের দিক দিয়ে ২১ পয়েন্ট এগিয়ে রয়েছে।
তবে রিপাবলিকান দল এবং বুশের এই খারাপ অবস্থার মধ্যেও জন ম্যাককেইন জনরোষ এড়িয়ে এখনও শক্তিশালী প্রার্থী হিসাবে টিকে আছেন। ওয়াশিংটন পোস্ট একথা বলেছে।
ম্যাককেইনের জনপ্রিয়তা ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটনের প্রায় সমান সমান। ম্যাককেইন ৪৬ শতাংশ এবং হিলারি ৪৯ শতাংশ।
আর ম্যাককেইনের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্র্যাট দলের অপর মনোনয়ন প্রত্যাশী বারাক ওবামা। ম্যাককেইন ৪৪ শতাংশ এবং ওবামা ৫১ শতাংশ।
জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ ডেমোক্র্যাটই নভেম্বরের নির্বাচনে ম্যাককেইনকে হারাতে ওবামাকেই যোগ্য প্রার্থী বলে মনে করছে।
ডেমোক্র্যাটদের দুই-তৃতীয়াংশই মনে করছে হিলারির এখনও লড়ে যাওয়া উচিত। আর ৪০ শতাংশের মতে, ওবামা মনোনীত হলে হিলারির উচিত তার রানিং মেট হওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৫৬ ঘ.
bdnews24